পাবনায় নিখোঁজের পরদিনই ভাইয়ের ঘরে মিলল শিশুর লাশ
সালমান নিখোঁজ হওয়ার পরে এক ব্যক্তি মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে পুলিশে খবর দেয় তার পরিবার।
পাবনার আতাইকুলা উপজেলায় নিখোঁজের একদিন পর চাচাতো ভাইয়ের ঘর থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আতাইকুলা থানার ওসি মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাদাল্লাপুর ইউনিয়নের আলোকচর গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত চার বছর বয়সি সালমান ওই গ্রামের বাসিন্দা ও আরিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হাশেমের ছেলে। সালমানের চাচাতো ভাই ফয়সালকে আটক করা হয়েছে।
স্বজনদের বরাত দিয়ে ওসি মিজানুর বলেন, সোমবার বাড়ি থেকে সালমান নিখোঁজ হয়। পরে এক ব্যক্তি মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে পুলিশে খবর দেয় তার পরিবার।
তিনি আরও বলেন, “এরপর সন্দেহভাজন হিসেবে সালমানের চাচাতো ভাই ফয়সালকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য মতে ফয়সালের নিজ ঘরের একটি বাক্সের মধ্য থেকে সালমানের মরদেহ উদ্ধার করা হয়।”
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে সালমানকে হত্যা করা হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
