টাঙ্গাইলে ‘ছিনতাই’ করতে না পেরে অটোরিকশা চালককে হত্যা
পুলিশ জানায়, খাগড়াটা এলাকায় ঈমান আলীর রাস্তা অবরোধ করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ‘ছিনতাই’ করতে না পেরে ব্যাটারিচালিত অটোরিকশার চালককে গলাকেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার খাগড়াটা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম।
নিহত ঈমান আলী (৩৭) উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের দড়ি চৈথট্ট গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, শুক্রবার রাত ১০টার দিকে গারোবাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন ঈমান আলী। খাগড়াটা এলাকায় তিনি পৌঁছলে ছিনতাইকারীরা তার রাস্তা অবরোধ করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
“এ সময় তিনি বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে ছিনতাইকারীরা। ঈমান আলীর চিৎকারে লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
“মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
