২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হাত প্রায় বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষ

“শনিবার সন্ধ্যার পর হাফিজুল মহল্লার রাস্তার মাঝখানে মোটরসাইকেল দাঁড় করিয়ে রেখে ইচ্ছাকৃতভাবে সংঘর্ষের সৃষ্টি করে।”

কুষ্টিয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হাত প্রায় বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষ

প্রতীকি ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2023, 07:31 PM

Updated : 16 Jul 2023, 07:31 PM

কুষ্টিয়ায় ‘তুচ্ছ ঘটনা’র জের ধরে যুবলীগের এক নেতার হাত কর্তনের অভিযোগ উঠেছে পৌরসভার এক ওয়ার্ড কাউন্সিলরের সমর্থকদের বিরুদ্ধে। 

শনিবার রাত ৮টার দিকে যুগিয়া পালপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ওসি আশিকুর রহমান। 

আহত ব্যক্তির নাম হাফিজুল ইসলাম (৪৫)। তিনি ওই এলাকার বাসিন্দা এবং ওয়ার্ড যুবলীগের সাব্কে সাধারণ সম্পাদক। 

তবে অভিযোগ অস্বীকার করেছেন ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহিন উদ্দিন। 

ভুক্তভোগী হাফিজুল ইসলাম বলেন, “আগে থেকেই কাউন্সিলর শাহিন গ্রুপের সঙ্গে আমার দ্বন্দ্ব ছিল। সন্ধ্যার পর রাস্তায় শাহিনের সহযোগী নিজাম উদ্দিন মোটরসাইকেলের সঙ্গে আমার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এর জের ধরে নিজাম চিৎকার করে তার লোকজন জড়ো করে দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা করে। 

“এ সময় স্থানীয় ঝন্টু কসাই নামের এক ব্যক্তি তার হাতে থাকা ধারালো অস্ত্র ব্যবহার করে আমার বাম হাতে আঘাত করলে কনুইয়ের উপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় আরও কয়েকজন ব্যক্তি লাঠি, রড ইত্যাদি দিয়ে আমাকে মারধর করে।” 

আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব থেকে হাফিজুলের ওপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর শাহিন উদ্দিন বলেন, “মাদক, অবৈধ বালুর ব্যবসা এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকায় হাফিজুল একাধিকবার র‌্যাব ও পুলিশের হাতে আটক হয়েছে। তবে জেল খেটে বেরিয়ে এসে প্রতিবারই সে একই কাজ করে। 

“শনিবার সন্ধ্যার পর হাফিজুল মহল্লার রাস্তার মাঝখানে মোটরসাইকেল দাঁড় করিয়ে রেখে ইচ্ছাকৃতভাবে সংঘর্ষের সৃষ্টি করে। হাফিজুল প্রথমে নিজামের ওপর চড়াও হলে তাকে গুরুতর আহত করে।” 

ওসি জানান, ‘তুচ্ছ ঘটনা’কে কেন্দ্র করে হাফিজুলের উপর হামলা চালায় প্রতিপক্ষ। এতে তার বাম হাতের কনুইয়ের উপর থেকে কেটে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় নিজাম উদ্দিন নামের আরও একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে অভিযোগ নিয়ে এখনও কেউ থানায় আসেনি। 

হাত কর্তনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি। 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার জানিয়েছেন, রাতে হাসপাতালে ভর্তির পর হাফিজুলকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এই রোগীর আরও উন্নত চিকিৎসা প্রয়োজন। সেজন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যেতে পরিবারের সদস্যদের পরামর্শ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: 

পুরনো খবর:

বরিশালে কুপিয়ে ছাত্রলীগ কর্মীর হাত বিচ্ছিন্ন, যুবক আটক  
কলেজ শিক্ষকের হাত কব্জি থেকে বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা