ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
ওই যুবকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ময়মনসিংহ নগরীতে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর সানকিপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন।
নিহত ৩৩ বছর বয়সি রাজীব আহমেদ রাজু নগরীর লিচু বাগান মহল্লার আব্দুস সালামের ছেলে।
স্থানীয়ভাবে তিনি ‘পুইট্টা রাজু’ নামেও পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি মোহাম্মদ জানান, সন্ধ্যায় রাজুকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কী কারণে কারা তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে; তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ।
