তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি, পিটুনিতে ইজিবাইক চালকের মৃত্যু
নেত্রকোণায় এক ব্যবসায়ীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ওই চালককে লাঠি দিয়ে আঘাত করা হয় বলে জানায় পুলিশ।
নেত্রকোণা সদর উপজেলায় তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জেরে এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শুক্রবার সন্ধ্যার ঘটনায় আহত ওই চালক শনিবার শেষরাতে নেত্রকোণা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান নেত্রকোণা মডেল থানার ওসি আবুল কালাম।
নিহত সুজন মিয়া (৪০) সদর উপজেলার ঠাকুরাকোণা গ্রামের প্রয়াত চান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, তুচ্ছ বিষয় নিয়ে শুক্রবার সন্ধ্যায় ঠাকুরাকোণা বাজারের ভাঙারি ব্যবসায়ী আবুল কাশেমের সঙ্গে সুজন মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আবুল কাশেম লাঠি দিয়ে সুজন মিয়াকে আঘাত করেন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে।
বাড়িতে ফিরে সুজনের শারীরিক অবস্থা অবনতি হলে পরিবারের লোকজন তাকে সদর হাসপাতালে ভর্তি করায়। রাত পৌনে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আবুল কালাম বলেন, খবর পেয়ে সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি তদন্তের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
