বকেয়া বেতন: কুমিল্লায় ৩ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শ্রমিকদের
“যতবার আমাদের বেতন বকেয়া পড়েছে, ততবার আমাদের মহাসড়কে অবস্থান নিতে হয়েছে।”
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লার চান্দিনা উপজেলার একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে।
উপজেলার বেলা শহর এলাকার ‘ডেনিম প্রসেসিং প্লান্ট’ কারখানার শ্রমিকদের এ অবরোধের কারণে মঙ্গলবার সকাল ১০টা থেকে প্রায় তিন ঘণ্টা মহাসড়কের দুইপাশের অন্তত ১০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
এ সময় দুর্ভোগে পড়েন বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকরা। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের সরিয়ে নিলে বেলা ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ডেনিম প্রসেসিং প্লান্টের শ্রমিক সাদিয়া আক্তার জানান, গত নভেম্বর ও ডিসেম্বর মাসের বকেয়া বেতন ও ওভারটাইমের টাকা না দেওয়ায় বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা।
সুমি আক্তার নামের আরেক শ্রমিক বলেন, “আমরা তো পেটের দায়ে গার্মেন্টসে কাজ করি। মাস শেষে যদি বেতনই না পাই তাহলে সংসার চালাব কী দিয়ে, আর খাব কী?
“যতবার আমাদের বেতন বকেয়া পড়েছে, ততবার আমাদের মহাসড়কে অবস্থান নিতে হয়েছে।”
এ বিষয়ে চান্দিনা থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, “জেলা প্রশাসনের সহয়তায় আমরা শ্রমিকদের বুঝিয়েছি। পরে তারা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলে আশা করছি।”
এ বিষয়ে জানতে ডেনিম প্রসেসিং প্লান্ট কারখানার মালিক জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেন নাই।
