২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সাবেক সেনাসদস্যের বিবাদে একজন খুন, আরেকজন গ্রেপ্তার

মামলার অভিযোগ, শনিবার রেজাউল করিম, তার দুই ছেলে ও স্ত্রীর প্রহারে মমতাজ উদ্দিন মারা যান।

দুই সাবেক সেনাসদস্যের বিবাদে একজন খুন, আরেকজন গ্রেপ্তার

নেত্রকোণা সদর উপজেলা থেকে সোমবার রাতে র‌্যাব রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2023, 07:11 PM

Updated : 28 Mar 2023, 07:11 PM

ময়মনসিংহ নগরীতে প্রতিবেশী দুই সাবেক সেনাসদস্যের বিবাদের জেরে একজন খুন হয়েছেন। এ মামলায় আরেকজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

সোমবার রাতে নেত্রকোণা সদর উপজেলা থেকে রেজাউল করিম (৬২) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার ময়মনসিংহ র‌্যাব-১৪ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

রেজাউল করিম নেত্রকোনার পূর্বধলা উপজেলার খামারহাটি গ্রামের বাসিন্দা। তিনি ময়মনসিংহ নগরীর আকুয়া চুকাইতলায় বসবাস করেন। 

র‌্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, সাবেক দুই সেনাসদস্য মমতাজ উদ্দিন (৫৮) ও মো. রেজাউল করিম ময়মনসিংহ নগরীর আকুয়া চুকাইতলায় পাশাপাশি বাসায় বসবাস করছিলেন।

আখের মাহমুদ বলেন, পাশাপাশি বাসায় বসবাস করায় তাদের প্রায় সময় ঝগড়াবিবাদ লেগে থাকত। গত শনিবার [২৫ মার্চ] সকালে বসতবাড়িতে বৃষ্টির পানি যাওয়ার জন্য পাইপ বসানোকে কেন্দ্র করে তাদের মধ্যে আবার ঝগড়া বাধে। 

“ঝগড়ার এক পর্যায়ে রাত ৯টার দিকে রেজাউল করিমসহ তার দুই ছেলে ও স্ত্রী বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে মমতাজ উদ্দিনকে এলোপাথাড়ি আঘাত করে।” 

আখের মাহমুদ জানান, গুরুতর আহত মমতাজ উদ্দিনকে তার স্ত্রী পারভীন আক্তার স্থানীয়দের সহায়তায় ময়মনসিংহ সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঘটনার পরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে রেজাউল করিমসহ চারজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। 

আখের মাহমুদ আরও জানান, গোপন সংবাদ পেয়ে রেজাউল করিমের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। গ্রেপ্তারে পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।