তাহসিফ সাউরীর মৃত্যু: ‘প্রকৃত ঘটনা’ উদঘাটনের দাবি জামায়াতের
আইনশৃঙ্খলা বাহিনীগুলোর এ ঘটনার দায় এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ‘ভিডিও ধারণকারী’ হিসেবে আলোচনায় থাকা বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরীর লাশ তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।
জামায়াতের প্রচার বিভাগ থেকে বৃহস্পতিবার বিকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।
দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, “একজন সাবেক বিমানবাহিনী কর্মকর্তার লাশ নদী থেকে উদ্ধার হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। একজন সাবেক সামরিক কর্মকর্তার এভাবে নিহত হওয়ার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে দেশবাসীর মনে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।’’
জামায়াত নেতা মনে করেন, আইনশৃঙ্খলা বাহিনীগুলোর এ ঘটনার দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বিমান বাহিনীর একজন সাবেক কর্মকর্তা নিহতের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা ও গাফিলতি রয়েছে।
বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরীর মরদেহ বুধবার বিকাল পৌনে ৬টার দিকে তুরাগ নদের রাজাবাড়ী ঘাটের পাশ থেকে উদ্ধার করা হয়। তার বাসা উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে। প্রয়াতের বাবা এনায়েতুল করিম বলছেন, মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপ নামে একজন তাহসিফকে ফোন করে ডেকে নিয়েছিলেন।
গোলাম পরওয়ার বলেন, “যেসব গোয়েন্দা সংস্থা বিমান বাহিনীর একজন সাবেক কর্মকর্তার জীবনের নিরাপত্তা দিতে পারে না, তারাই আবার বিরোধীদলের নেতৃবৃন্দের নামে আজগুবি, ভুয়া ও কাল্পনিক তথ্য ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়।
“তাহসিফ সাউরী নিহত হওয়ার প্রকৃত কারণ, কী পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না তা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে। তদন্তে কোনো কর্মকর্তা বা সংস্থার দায়িত্বে অবহেলা কিংবা অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”
রাষ্ট্রীয় দায়িত্বে অবহেলা করে কেউ দায়মুক্তি পেতে পারে না মন্তব্য করে গোলাম পরওয়ার বলছেন, “তাহসিফ সাউরির পরিবার যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে।”
