২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রলারে ১০ লাশ: গ্রেপ্তার ২, উত্তর মেলেনি অনেক প্রশ্নের

পুলিশ বলছে, নিহত দুজনের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও হত্যা মামলা পাওয়া গেছে; এমন কয়েকজন পাওয়া গেছে যারা জীবনে কখনও সাগরে যাননি।

ট্রলারে ১০ লাশ: গ্রেপ্তার ২, উত্তর মেলেনি অনেক প্রশ্নের

মঙ্গলবার বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মাহফুজুল ইসলাম।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2023, 09:03 PM

Updated : 25 Apr 2023, 09:58 PM

কক্সবাজারে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক পয়েন্ট এলাকার সাগরে ট্রলার থেকে ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় নিহত এক মাঝির স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন; গ্রেপ্তার করা হয়েছে দুই জেলেকে।

ট্রলার মালিক মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া এলাকার ছনখোলা পাড়ার মৃত রফিক উদ্দিনের ছেলে সামশুল আলম ওরফে সামশু মাঝির স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে মঙ্গলবার দুপুরে কক্সবাজার সদর থানায় মামলাটি করেছেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মামলার ১ নম্বর আসামি মাতারবাড়ির এলাকার ট্রলার মালিক মোহাম্মদ কামাল ওরফে বাইট্টা কামাল এবং ৪ নম্বর আসামি ট্রলার মাঝি করিম সিকদারকে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।

মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়েছে। তবে হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশ এখনও সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলতে পারছে না। পুলিশ বলছে, তারা অনেকগুলো বিষয় সামনে রেখে তদন্ত কাজ এগোচ্ছেন।

রোববার গুরা মিয়া নামের এক ব্যক্তির মালিকানাধীন একটি বড় মাছ ধরার ট্রলার সাগরে অর্ধনিমজ্জিত ট্রলারটিকে নাজিরারটেক পয়েন্টে নিয়ে আসে। পরে ওই ট্রলারে তালাবদ্ধ ও পেরেক মারা অবস্থায় কোল্ড স্টোরেজের ভেতরে হাত-পা বাঁধা ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়।

অর্ধনিমজ্জিত ওই ট্রলারটির মালিক সামশু মাঝি। তার মরদেহও ট্রলারে পাওয়া গেছে। তাকে শনাক্ত করে মরদেহ গ্রহণ করেছেন তার স্ত্রী রোকেয়া বেগম।

এ ঘটনা নিয়ে মঙ্গলবার বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে করেন পুলিশ সুপার মাহফুজুল ইসলাম।

হত্যাকাণ্ড সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “ঘটনাটির কোন প্রকার ক্লু এ পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। কয়েকটি বিষয় মাথায় রেখে পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে। মামলার স্বার্থে নিহতদের স্বজন, ঘটনায় সংশ্লিষ্ট যাদের নাম পাওয়া যাচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।”

“ঘটনার পর থেকে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে। এসব প্রশ্নের উত্তর পাওয়া গেলে ঘটনার মূল রহস্য বের করা সম্ভব হবে। তদন্ত করেই এসব প্রশ্নের উত্তর বের করা হবে।”

পুলিশ সুপার বলেন, “এ ঘটনার পুলিশের পাঁচটি দল কাজ করছে। এরই মধ্যে নিহত নুরুল কবির ও সামশু মাঝির বিরুদ্ধে অস্ত্র, মাদক ও হত্যা মামলা পাওয়া গেছে। নিহতদের মধ্যে এমন কয়েকজন পাওয়া গেছে যারা জীবনে কখনও সাগরে যাননি বলে স্বজনরা দাবি করছেন। নিহত নুরুল কবির এদের ডেকে সাগরে নিয়ে গেছে। সব বিবেচনায় মামলাটির তদন্ত কার্যক্রম চলছে।

এর বাইরে এ ঘটনায় মাদক সংক্রান্ত একটি বিষয়টিও সামনে এসেছে বলে জানান পুলিশ সুপার।

সাধারণত গভীর সমুদ্রে যেসব ট্রলার মাছ ধরতে যায়, সেসব ট্রলারের নাম থাকে এবং সেটি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নিবন্ধনও পায়। ট্রলারে করে যারা মাছ ধরতে যান তারাও মৎস্যজীবী সমিতির সমিতির সদস্য হন।

কিন্তু সামশু মাঝির ট্রলারটির কোনো নাম নেই; যাকে অস্বাভাবিক বলছে মৎস্যজীবী সমিতির সদস্যরা।

কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, “উদ্ধার হওয়া ট্রলারটির গায়ে কোনো নাম ছিল না। ট্রলারটি সমিতির আওতাভুক্তও নয়। এ পর্যন্ত মরদেহ পাওয়া ব্যক্তিরা প্রকৃত জেলেদের কি-না এটা নিয়ে সন্দেহও রয়েছে।

তিনি আরও বলেন, “স্বাভাবিকভাবে জলদস্যুতার সঙ্গে জড়িত ট্রলার ও ডাকাতরা এমন হয়।“

৪ জনের মরদেহ এখন মর্গে

১০ জেলের মরদেহের মধ্যে ছয়জনকে সোমবার স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। একই মরদেহের একাধিক দাবিদার থাকায় বাকি চারটি মরদেহ কাউকে দেয়নি পুলিশ। সেগুলো এখনও কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

পুলিশ জানিয়েছে, এসব মরদেহের পাশাপাশি যারা দাবিদার তাদেরও ডিএনএ পরীক্ষার নমুনা রেখে দেওয়া হয়েছে। যাদের সঙ্গে মিলবে তাদের কাছেই মরদেহ হস্তান্তর করা হবে।

যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে তারা হলেন- হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ার সামশুল আলম ওরফে সামশু মাঝি, চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটার জসিম উদ্দীনের ছেলে তারেক জিয়া, একই ইউনিয়নের বটতলী এলাকার শাহ আলমের ছেলে মোহাম্মদ শাহজাহান, মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি গ্রামের মুসা আলীর ছেলে গণি ওসমান, মোহাম্মদ হোসনের ছেলে নুরুল কবির এবং জাফর আলমের ছেলে শওকত উল্লাহ।

ধর্মীয় রীতি মেনে স্ব স্ব গ্রামে তাদের দাফন করেছেন স্বজনরা।

স্বজনদের দাবি মতে বাকি চারটি লাশ শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৮), সাহাব মিয়ার ছেলে সাইফুল্লাহ (২৩), মোহাম্মদ আলীর ছেলে পারভেজ মোশাররফ (১৪) এবং চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের কবির হোসাইনের ছেলে সাইফুল ইসলামের (৩৪) হতে পারে।

আরও কি নিখোঁজ আছেন

৭ এপ্রিল সামছু মাঝির ট্রলারে করে সমুদ্রে যাত্রা শুরু করেছিলেন কয়েকজন।

পুলিশের এক কর্মকর্তা বলেন, তারপর ১১ এপ্রিল সাগর থেকে মাছ ধরে ফিরে আসা কয়েক জেলে হত্যাকাণ্ডের বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানান বলে শোনা যাচ্ছে। ফিরে আসা জেলেদের তথ্য মতে, সেই ট্রলারে আরও বেশি লোক ছিল।

“জেলেদের ভাষ্য মতে, সামছু মাঝির ট্রলারটিকে চারটি ট্রলার ধাওয়া করে ধরে, পরে ট্রলারে থাকা লোকদের হাত-পা বেঁধে কোল্ড স্টোরেজে ভরে পেরেক দিয়ে আটকে দেয় এবং পরে ট্রলারটি ডুবিয়ে দেয়।

তবে সাগর থেকে ফিরে আসা সেসব জেলেদের নাম জানাতে চাননি ওই পুলিশ কর্মকর্তা।

এ ব্যাপারে সংবাদ সম্মেলনে জানতে চাইলে জেলা পুলিশ সুপার বলেন, “দুজন ট্রলার মালিককে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে হয়তো এ ব্যাপারে আরও জানা যাবে।”

এদিকে কয়েকটি মরদেহের একাধিক দাবিদার থাকায় এই প্রশ্নও উঠেছে যে, তাহলে ওইসব পরিবারের সদস্যরাও নিখোঁজ রয়েছেন। তাহলে তারা কোথায়?

আরও পড়ুন:

পুরনো খবর:

ট্রলারে ১০ মরদেহ: ডিএনএ পরীক্ষা ছাড়াই ৬ মরদেহ নিল পরিবার
কক্সবাজারে ট্রলারে ১০ মরদেহ: একাধিক দাবিদার, হবে ডিএনএ পরীক্ষা
কক্সবাজারে ট্রলারে ১০ লাশ: যা যা জানা যাচ্ছে
কক্সবাজারে মাছ ধরার ট্রলার থেকে হাত-পা বাঁধা ১০ মরদেহ উদ্ধার