নওগাঁয় ছাত্রীকে ‘যৌন হয়রানি’, গ্রেপ্তার স্কুলশিক্ষক বরখাস্ত
বরখাস্ত হাফিজুর রহমান রাণীনগর উপজেলার মেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
নওগাঁর রাণীনগর উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির মামলায় গ্রেপ্তার এক স্কুলশিক্ষক সাময়িক বরখাস্ত হয়েছেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা স্বাক্ষরিত এক আদেশে হাফিজুরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
রাণীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, স্কুলছাত্রীকে যৌন হয়রানির মামলায় শিক্ষক হাফিজুর গ্রেপ্তার হয়ে জেল হাজতে থাকায় তাকে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) জেলা শিক্ষা অফিসার সাময়িক বরখাস্ত করেছেন।
রোববার তিনি বরখাস্তের অফিস আদেশের পত্র পেয়েছেন বলে জানান।
বরখাস্ত হাফিজুর রহমান (৫২) রাণীনগর উপজেলার মেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং রাণীনগরের মেরিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আশেক আলীর ছেলে।
এলাকাবাসী ,পুলিশ ও মামলার নথি থেকে জানা যায়, হাফিজুর রহমান বিদ্যালয়ে শিক্ষার্থীদের নানাভাবে যৌন হয়রানি করে আসছিলেন। এ ঘটনায় ওই শিক্ষকের যৌন হয়রানির অভিযোগে কয়েকবার মিটিং করে তাকে সর্তকও করা হয়।
গত ২০ নভেম্বর ওই স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে তিনি যৌন নিপীড়ন করেন। এরপর ওই শিক্ষার্থী বাড়ি গিয়ে বিষয়টি পরিবারকে জানায় এবং এরপর তার পরিবারের লোকজন বিষয়টি গ্রামের লোকজনদের জানান। এরপর স্থানীয়া গত ২৭ নভেম্বর সকালে বিদ্যালয় ঘেরাও এবং ওই শিক্ষকের বিচার দাবি করেন।
খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে শিক্ষককের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
ওইদিন রাতেই ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শিক্ষক হাফিজুরকে আসামি করে থানায় যৌনপীড়নের মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং গত সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।
