নোয়াখালীতে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানি, পিটুনি দিয়ে শিক্ষককে পুলিশে হস্তান্তর
শিশুটির মা সাংবাদিকদের বলেন, সকালে শিশুটি মাদ্রাসায় যেতে চাচ্ছিল না।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় শিক্ষককে মারধর করে পুলিশের হস্তান্তর করেছে স্থানীয়রা।
বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বলেন, উপজেলার ছয়ানী ইউনিয়নের মারকাযে আহমদ ছয়ানী মাদ্রাসার সহকারী শিক্ষক সাইফুল ইসলামকে আসামি করে শিশুটির মা শনিবার রাতে মামলা করেছেন।
শিশুটির মা সাংবাদিকদের বলেন, সকালে শিশুটি মাদ্রাসায় যেতে চাচ্ছিল না। এরপর তাকে টিফিন খাওয়ার জন্য প্রতিদিনের ২০ টাকার স্থলে ৪০ টাকা দিয়ে মাদ্রাসায় পাঠানো হয়। দুপুরে সে বাড়ি ফিরে মায়ের কাছে শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে পর পর তিন দিন যৌন নিপীড়নের অভিযোগ করে।
শিশুটির মা বলেন, পরে তিনি বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। লোকজন সাইফুলকে আটক করে পিটুনি দেন এবং পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।
ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মামলার বাদী।
পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বলেন, পুলিশ শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয় এবং পরে থানায় নিয়ে আসে। রোববার তাকে আদালতে পাঠানো হবে।
