২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে রাইফেল ও শটগান উদ্ধার

পুলিশের ভাষ্য, উদ্ধার করা অস্ত্র ছিনতাই, ডাকাতি ও রাজনৈতিক সহিংসতাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়।

নাটোরে রাইফেল ও শটগান উদ্ধার

নাটোরের লালপুর থেকে উদ্ধার করা অস্ত্র ও গুলি।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2023, 08:53 PM

Updated : 18 Apr 2023, 08:58 PM

নাটোরের লালপুর থেকে শতাধিক গুলিসহ কয়েকটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। 

সোমবার শেষ রাতে উপজেলার বিলমাড়িয়া স্টেডিয়াম এলাকায় এ অভিযান চালানো হয় বলে নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমান জানান।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, গোপন খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ স্টেডিয়ামের অবস্থান নেয়।

“এ সময় বিলমাড়িয়া চড় থেকে একটি মোটরসাইকেল স্টেডিয়ামের দিকে আসলে পুলিশ সেটিকে থামতে বলে। তবে মোটরসাইকেলে থাকা তিন আরোহী এটি ফেলে পালিয়ে যায়।

“পরে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিতে একটি ব্যাগ পাওয়া যায়। এটি তল্লাশি করে অস্ত্র ও গুলি পাওয়া যায়।”

পুলিশ সুপার আরও জানান, জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে দুইটি একনালা বন্দুক, চেকোস্লোভাকিয়ার তৈরি একটি রাইফেল এবং তুরস্কের তৈরি একটি শটগান। এ ছাড়া দুইটি বক্সে পয়েন্ট টু টু বোর রাইফেলের ৯৭টি এবং ১২ বোর শটগানের ২৫টি গুলি ছিল।

এক প্রশ্নের জবাবে সাইফুর রহমান বলেন, “অস্ত্রগুলো কারা কোথা থেকে এনেছে সে বিষয়ে জানতে গোয়েন্দাদের তৎপরতা অব্যহত রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

“এসব অস্ত্র ছিনতাই, ডাকাতি, রাজনৈতিক সহিংসতা কিংবা যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়। স্বাভাবিকভাবে আমরা সেটিই ধরে নিতে পারি এগুলো তারই অংশ।”

এ ঘটনায় লালপুর থানায় একটি মামলা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে পুলিশ সুপার সাইফুর রহমান জানান।