গাজীপুরে বাইকে বাসের ধাক্কায় প্রাণ গেল প্রকৌশলীর
পুলিশ জানায়, বাইকটিকে ধাক্কা দেওয়া সিয়াম পরিবহনে বাসটি আটক করা হলেও এর চালক পালিয়েছেন।
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় বাইক আরোহী এক সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন।
রোববার দুপুরে ওই মহাসড়কের মুলাইদে বাংলাদেশ পাম্প এলাকায় এ ঘটনা ঘটে বলে মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার জানান।
নিহত আমিনুল হক জুয়েল (৩৫) শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার টেংরা গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি নোমান গ্রুপের নাইস সিনথেটিক ইয়ার্ন মিলস লিমিটেডের সহকারী প্রকৌশলী ছিলেন।
ওই প্রতিষ্ঠানের ডিজিএম (অপারেশন) মধুসূদন কুমার বলেন, “দুই বছর ধরে মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে আমাদের এ কারখানায় চাকরি করছিলেন আমিনুল হক জুয়েল। রোববার ভোর ৬টায় কারখানার কাজে যোগ দেন তিনি। ডিউটি শেষে দুপুর ২টায় কর্মস্থল থেকে নিজ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।”
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, বাংলাদেশ পাম্প এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা ঢাকাগামী বাসটি তাকে ধাক্কা দেয়। এ সময় সড়কে ছিটকে পড়েন জুয়েল। এতে তার মাথা থেঁতলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসমা উল হোসনা বলেন, “আমিনুল হক জুয়েলকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়। পরে পুলিশের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”
ওসি কংকন কুমার বলেন, সিয়াম পরিবহনে বাসটি আটক করা হলেও এর চালক পালিয়েছেন। এর ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
