১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ঢাকায় ইয়ুথ ট্যুরিজম এক্সপো ১৯ নভেম্বর শুরু

সাগর, হাওর, পাহাড়, লেক ও গ্রামীণ পর্যটন নিয়ে কাজ করা উদ্যোক্তাদের জন্য মেলায় থাকছে বিশেষায়িত স্টল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 12:26 AM

Updated : 15 Nov 2026, 12:26 AM

দেশের বিভিন্ন ভ্রমণ গন্তব্য ও পর্যটন সেবা তুলে ধরতে রাজধানীতে আগামী ১৯ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনের বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো। মেলার প্রথম দিনেই হবে ‘ট্যুরিজম ক্যারিয়ার সামিট’।

এক্সপোর আয়োজক ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইট্যাব) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, প্রথমবারের মত আয়োজিত এ মেলা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রথমদিন বৃহস্পতিবার সকাল ১০টায় দর্শনার্থীদের জন্য মেলা খুলে দেওয়া হবে। দুপুর ১২টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যুব ও কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী, পর্যটন মন্ত্রণালয়ের সচিব, ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী ও পর্যটন করপোরেশনের চেয়ারম্যানের থাকার কথা রয়েছে।

প্রথম দিন দুপুর ২টা ৪৫ মিনিটে হবে ‘ট্যুরিজম ক্যারিয়ার সামিট’। বিকেল ৫টায় থাকছে ‘ট্যুরিজম ইনফ্লুয়েন্সার মিটআপ’। সন্ধ্যা সাড়ে ৬টায় গান গাইবেন তাসরিফ খান।

মেলায় থাকবে ৫৮টি স্টল। সাগর, হাওর, পাহাড়, লেক ও গ্রামীণ পরিবেশভিত্তিক পর্যটন নিয়ে কাজ করা উদ্যোক্তারা নিজ নিজ এলাকার গন্তব্য ও সুযোগ-সুবিধা তুলে ধরবেন।

শুক্রবার মেলার দ্বিতীয় দিনে থাকবে পর্যটন ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগের আয়োজন। দিনভর পর্যটন গন্তব্য ও ভ্রমণপণ্যের প্রদর্শনীর পাশাপাশি দর্শনার্থীদের অংশ নেওয়ার মত নানা কার্যক্রম।

শনিবার শেষ দিনে প্রদর্শকদের ক্রেস্ট ও সনদ দেওয়া হবে। অংশীদাররা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরবেন। থাকবে সম্মাননা প্রদান ও র‍্যাফল ড্র। বিকেল ৫টায় হবে আনুষ্ঠানিক সমাপনী।

মেলার আহ্বায়ক ও ইট্যাব সভাপতি ইমরানুল আলম বলেন, “দেশে পর্যটন মেলার আয়োজন সাধারণত বিদেশের ভ্রমণ গন্তব্য ঘিরে হয়। এবারের মেলায় দেশের গন্তব্যগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এর মাধ্যমে সরকার, প্রশাসন, তরুণ উদ্যোক্তা ও পর্যটকদের মধ্যে যোগাযোগ গড়ে তুলতে চাই আমরা।”