১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

চার দশক পূর্তিতে ‘বাংলাদেশ থিয়েটারের’ নাট্যোৎসব শুরু

ঢাকা পর্বে ১২টি দলের ১২টি নাটক দেখানো হবে; এরপর উৎসব ছড়িয়ে পড়বে চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালে।

চার দশক পূর্তিতে ‘বাংলাদেশ থিয়েটারের’ নাট্যোৎসব শুরু

‘সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা’ নাটকের দৃশ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 11:01 AM

Updated : 13 Nov 2026, 11:01 AM

নাট্যচর্চার চার দশক ঘিরে রাজধানীতে শুরু হয়েছে বাংলাদেশ থিয়েটারের নয় দিনব্যাপী নাট্যোৎসব; যেখানে দেখানো হবে হবে দেশের ১২টি নাট্যদলের ১২টি নাটক।

শুক্রবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬’ শিরোনামের এ আয়োজনের উদ্বোধন হয়৷

জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় নাটক প্রদর্শিত হবে। ঢাকা মহানগর পর্ব শেষে উৎসবটি চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগীয় শহরেও এই উৎসব আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

বাংলাদেশ থিয়েটারের সম্পাদক, অভিনেতা ও নির্দেশক খন্দকার শাহ আলম বলেন, “‘নাটক হোক সুস্থ মননশীলতা সৃষ্টির তীর্থক্ষেত্র’ স্লোগান নিয়ে ১৯৮৬ সালের ১৪ নভেম্বর আমাদের যাত্রা শুরু হয়েছিল। মঞ্চের আলোয় আমরা চার দশক পূর্ণ করছি। প্রায় ৩৫ বছর ধরে প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা উৎসবের আয়োজন করে আসছি, যার মূল উদ্দেশ্য মিলনমেলা তৈরি করা।”

উৎসবের উদ্বোধনী দিনে শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেলুন-পায়রা ওড়ানো, আনন্দ শোভাযাত্রা ও স্মৃতিচারণ পর্ব অনুষ্ঠিত হয়। এছাড়া বেলা ১১টায় ‘মঞ্চমেলা ১ম পর্ব’ এবং দুপুর আড়াইটায় ‘মঞ্চমেলা ২য় পর্ব’ রাখা হয়েছে।

বিকাল সাড়ে ৪টায় উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনা এবং সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় বাংলাদেশ থিয়েটারের প্রযোজনা ‘সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা’র ৪৮তম প্রদর্শনী হবে।

উৎসবের দ্বিতীয় দিন শনিবার জাতীয় নাট্যশালায় থিয়েটার প্রযোজিত ও ত্রপা মজুমদার নির্দেশিত ‘বারামখানা’ প্রদর্শিত হবে। ‘বারামখানা’ লিখেছেন পান্থ শাহরিয়ার।

এছাড়া এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মহাকাল নাট্য সম্প্রদায়ের ‘নীলাখ্যান’ মঞ্চায়ন হবে। ‘নীলাখ্যান’ রচনা করেছেন আনন জামান ও নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক।

১৫ নভেম্বর জাতীয় নাট্যশালায় দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ এবং এক্সপেরিমেন্টাল হলে দৃষ্টিপাত নাট্য সংসদের ‘কয়লা রঙের চাঁদর’ দেখানো হবে। ‘নিত্যপুরাণ’ নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মাসুম রেজা; আর ‘কয়লা রঙের চাঁদর’ লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন ম আ সালাম।

১৬ নভেম্বর জাতীয় নাট্যশালায় বহুবচনের ‘অনিকেত সন্ধ্যা’ নাটক দেখা যাবে। চন্দন সেনের রচনায় ‘অনিকেত সন্ধ্যা’ নির্দেশনা দিয়েছেন আরহাম আলো।

একই দিন এক্সপেরিমেন্টাল হলে নাট্যম রেপার্টরির ‘দমের মাদার’ নাটকের প্রদর্শনী হবে। সাধনা আহমেদের রচনায় ‘দমের মাদার’ নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন লোপা।

উৎসবের শেষ পাঁচ দিন কেবল জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটক দেখানো হবে।

এর মধ্যে ১৭ নভেম্বর নাট্যতীর্থের ‘দ্বীপ’, ১৮ নভেম্বর নান্দনিক নাট্য সম্প্রদায়ের ‘নৃপতি’, ১৯ নভেম্বর স্বপ্নদলের ‘হরগজ’ এবং ২০ নভেম্বর নাগরিক নাট্যাঙ্গনের ‘দুই পাখি ও নন্দিনী’ প্রদর্শিত হবে।

২১ নভেম্বর উৎসবের সমাপনী দিনে দেখানো হবে ঢাকা থিয়েটারের ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’।

মূল মিলনায়তনের প্রদর্শনীর পাশাপাশি উৎসব চলাকালে প্রতিদিন বিকাল ৪টা থেকে শিল্পকলার উন্মুক্ত মঞ্চে নৃত্য, সংগীত ও আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।