২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পিটুনিতে বৃদ্ধ নিহত, ২ ছেলে গ্রেপ্তার

মামলার অভিযোগ, শনিবার রাতে দুই ছেলে বাবাকে মারধর করেন; সোমবার রাতে তিনি মারা যান।

গাজীপুরে পিটুনিতে বৃদ্ধ নিহত, ২ ছেলে গ্রেপ্তার

ওসমান গনির দুই ছেলে মাহবুবুল ইসলাম [বামে] ও শরিফুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2023, 07:08 PM

Updated : 20 Jun 2023, 07:08 PM

গাজীপুর মহানগরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের আরেক ছেলে মামলা করার পর ওই দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গত শনিবার রাতে কাশিমপুর থানার সারদাগঞ্জ হাবিব মার্কেট এলাকায় ওসমান গণিকে (৭০) মারধর করা হয়; দুইদিন পর সোমবার রাতে তিনি মারা যান। ওসমান গণি হাবিব মার্কেট এলাকারই বাসিন্দা।

মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কাশিমপুর থানার ওসি সৈয়দ রাফিউল করিম জানান, মঙ্গলবার নিহতের বড় ছেলে সফিকুল ইসলাম তার দুই ভাইয়ের বিরুদ্ধে [বৃদ্ধের অপর দুই ছেলে] থানায় মামলা করেছেন। এরপর দুপুরেই ওই দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তাররা হলেন নিহত ওসমান গনির দুই ছেলে শরিফুল ইসলাম (৩০) ও মাহবুবুল ইসলাম (৩৪)।

এলাকাবাসী, নিহতের স্বজন ও পুলিশ জানায়, ওসমান গনির ছোট ছেলে শরিফুল ইসলাম মাদকাসক্ত। মাদক সেবনের জন্য বিভিন্ন সময়ে তার বড় ভাই সফিকুল ও তার বাবাসহ পরিবারের সদস্যদের কাছে প্রায়ই টাকা চাইতেন। টাকা না দিলে শরিফুল তাদের সঙ্গে ঝগড়া-বিবাদ করতেন। এর আগেও টাকা না পেয়ে তিনি তার বাবার ঘর থেকে ফ্রিজ, আইপিএস, টিভিসহ বিভিন্ন আসবাবপত্র বিক্রি করেন।

মামলার নথি থেকে জানা যায়, গত শনিবার (১৮ জুন) আবার তিনি বাবার কাছে টাকা চাইলে তিনি দিতে অস্বীকার করেন। পরে ওইদিন রাত পৌনে ১১টার দিকে সারদাগঞ্জ রাইস মিলের পাশে হাবিব মার্কেটের সামনে শরিফুল ইসলাম বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন।

ওই সময় সেখানে গিয়ে শরিফুলের কাছে তার বাবা ওসমান গনি জানতে চান কেন তিনি ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে দিয়েছেন। তখন এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়।

মামলায় অভিযোগ করা হয়, এক পর্যায়ে শরিফুল ও অপর ছেলে মাহবুব ইসলাম লাঠিসোটা নিয়ে তার বাবাকে এলোপাথারিভাবে মারধর শুরু করেন এবং মাথায় আঘাত পেয়ে ওসমান গণি রক্তাক্ত জখম হন।

আশেপাশের লোকজন এগিয়ে গেলে তারা পালিয়ে যান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে গাজীপুর শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে যান; এবং সেখানে তাকে আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর গত সোমবার রাতে স্বজনরা তাকে বাড়ি নিয়ে আসেন। বাড়িতে আনার পর রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

মামলার বরাতে কাশিমপুর থানার ওসি সৈয়দ রাফিউল করিম বলেন, “বাবকে মারধরের পর ছেলেরা নিজেদের মধ্যে সমঝোতা করে নিয়েছিল; যার কারণে আগের ঘটনায় মামলা হয়নি। মঙ্গলবার সকালে নিহতের বড় ছেলে সফিকুল ইসলামের মামলা দায়েরের পর দুপুরে হত্যায় জড়িত অভিযোগে সারদাগঞ্জ এলাকা থেকে নিহতের দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।”

ঘটনার বিবরণে তিনি বলেন, “শনিবার রাতে ওসমান গণিকে শরিফুল ও মাহবুব দুইজনে মিলে মারধর করেছিল। লাঠির আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়; চোখে রক্ত জমাট বেঁধেছিল এবং চোখের পাশের হাড়ও ভেঙেছিল বলে চিকিৎসক জানিয়েছেন।”

নিহতের বড় ছেল সফিকুল ইসলামের স্ত্রী আইনজীবী রোমানা সফিক সাংবাদিকদের বলেন, “আমরা গাজীপুর শহরের বসবাস করি। তাকে (শ্বশুর) গত সোমবার দিবাগত রাতে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয়। বাড়িতে আনার পর রাত আনুমানিক ২টার দিকে তার মৃত্যুর সংবাদ পাই।”

সফিকুল ইসলাম বলেন, ছোট ভাই শরিফুল বেকার, সে স্থানীয় মাদক সেবীদের সঙ্গে মেলামেশা করার পর সে মাদকাসক্ত হয়ে পড়ে। সম্প্রতি মাদকের জন্য টাকা না দেওয়ায় চুরি করে ঘরের জিনিসপত্র বিক্রি করে দিয়েছে। এসব বিষয়ে কেউ প্রতিবাদ করলেই সে তাকেসহ তার বাড়ির লোকজনদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে।