চাঁদপুরে শ্রমিককে অপহরণের পর মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
পুলিশ জানায়, ১২ জুলাই বিকাল থেকে নিখোঁজ ছিলেন পারভেজ; পরে মোবাইল ফোনে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা।
চাঁদপুর সদর উপজেলায় এক শ্রমিককে আটকে রেখে মুক্তিপণ আদায়ের চেষ্টায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার বাগাদী ইউনিয়নের মমিনপুর গ্রামের একটি চর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান।
গ্রেপ্তাররা হলেন- সাব্বির, মফিজ ও সুমন। তারা মমিনপুর গ্রামের বাসিন্দা।
অপহরণের শিকার আব্দুল মালেক পারভেজ (২৫) লক্ষ্মীপুরের রামগতী উপজেলার বালুচর এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ড্রেজার শ্রমিক।
এর আগে শুক্রবার সকালে মালেকের শ্যালক মো. ইমরান চাঁদপুর সদর মডেল থানায় এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ করেন।
ইমরান বলেন, আব্দুল মালেক ৫-৬ মাস ধরে চাঁদপুরের বিভিন্ন এলাকায় ড্রেজার শ্রমিক হিসেবে কাজ করছেন। ১২ জুলাই বিকাল থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে মোবাইল ফোনে অপহরণকারীরা ৫০ লাখ টানা মুক্তিপণ দাবি করেন।
চাঁদপুর সদর মডেল থানার এসআই শাহরিন হোসেন বলেন, “অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করা হয়। প্রথমে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সামনে মোবাইল ফোনে আসা কলের সূত্র ধরে এগিয়ে যাই।
“পরে অপহরণকারীরা মালেকের শ্যালককে চরে যেতে বললে পুলিশও তার পেছনে অন্য একটি ট্রলারে এগোতে থাকে। তবে লুঙ্গি পড়ে বাদীর সঙ্গে ছিলেন এএসআই তসলিম হোসেন। চরে পৌঁছার এক পর্যায়ে অপহরণকারীদের আটক ও অপহৃত যুবককে উদ্ধার করা হয়।”
আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছেন বলে জানান ওসি শেখ মুহসীন।
