২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় তাবলিগের যুবক নিখোঁজ, পরিবারে উৎকণ্ঠা

আত্রাইয়ের বড়কালিকাপুর দেওয়ানপাড়া মসজিদ থেকে ৭ ডিসেম্বর রাতে আনিছুর ভৈরবের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন।

নওগাঁয় তাবলিগের যুবক নিখোঁজ, পরিবারে উৎকণ্ঠা

আনিছুর রহমান

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2022, 10:21 PM

Updated : 15 Dec 2022, 10:21 PM

নওগাঁর আত্রাইয়ে তবলিগ জামাতে এসে কিশোরগঞ্জের ভৈরবের এক যুবক সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

আনিছুর রহমান (৩৩) নামের এ যুবক কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্ডিবের গ্রামের মো. হিরণ মিয়ার ছেলে।

এ ঘটনায় গত ৮ ডিসেম্বর আনিছুর রহমানের মা রহিমা বেগম আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডির বরাতে আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার জানান, আনিছুর ও তার বাবাসহ ১৫ জনের একটি দল গত ৫ ডিসেম্বর আত্রাই উপজেলার বড়কালিকাপুর দেওয়ানপাড়া মসজিদে আসে তাবলিগ জামাতে। ৭ ডিসেম্বর বিকালে আনিছুর তার মায়ের কাছে ফোন করে বলেন তিনি বাড়ি ফিরে যেতে চান।

“ওই দিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে জামাতের অন্যরা ঘুমিয়ে পড়লে সবার অজান্তে আনিছুর তার ব্যাগ নিয়ে বাড়ি ফিরে যাওয়ার জন্য মসজিদ থেকে বেড়িয়ে পড়েন।”

ওসি আরও জানান, পথে এলাকার কয়েকজন যুবকের সঙ্গে দেখা হয়; এবং তারা তাকে নওগাঁ যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজি অটোরিকশায় উঠিয়ে দেয়।

এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়।

“এক সপ্তাহ অতিবাহিত হলেও আনিছুর বাড়ি না ফিরলে তার পরিবারের লোকজন আত্মীয়-স্বজন ও আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেন; কিন্তু সন্ধান পাননি।”

ওসি তারেকুর রহমান বলেন, ৮ ডিসেম্বর রাতে আনিছুরের মা থানায় জিডি করেছেন। তারপর থেকে তদন্ত চলছে। তার সন্ধানে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।