লালমনিরহাটে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত, আটক ১
নিহত ছোটন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
লালমনিহাটের কালীগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর জামির বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আবু মুসা ছোটন (৩৫) ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকার আবুল কাশেমের ছেলে। ছোটন ভোটমারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর ছোটন বাড়ির পাশে শ্রুতিধর জামির বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (হাজির স্কুল) কাছে দোকানে বসেছিলেন। ওই সময় এলাকার জহুরুল হকের ছেলে আকিদ হোসেন পলাশ (২৫) স্কুল মাঠে ডেকে নিয়ে ছোটনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। ছোটন চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন।
কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল জানান, আশপাশের লোকজন গিয়ে ছোটনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং পলাশকে আটক করে। পরে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আটক পলাশকে কালীগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে ওসি জানান।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
