বরগুনায় ‘অপহৃত’ কিশোরের ড্রামবন্দি মরদেহ উদ্ধার, আটক ৭
গত শুক্রবার সকালে পূজা দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে ওই কিশোরকে অপহরণ করা হয় বলে স্বজনদের দাবি।
বরগুনায় অপহরণের তিন দিন পর কিশোরের ড্রামবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাত জনকে আটক করা হয়েছে।
গত রোববার রাতে জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের দক্ষিণ বাইনচটকি বিষখালী নদী সংলগ্ন স্লুইজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে পাথরঘাটা থানার এসআই আলী হোসেন জানান।
১৩ বছর বয়সি মো. হাসিবকে হত্যার পর ড্রামে ভরে মাটিচাপা দেওয়া হয়েছিল বলে আটকদের জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়।
হাসিব পাথরঘাটার সদর ইউনিয়নের দক্ষিণ পাথরঘাটা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
গত শুক্রবার সকালে পূজা দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে তাকে অপহরণ করা হয় বলে স্বজনদের দাবি।
পরে অপহরণকারীরা টাকা চেয়ে স্বজনদের কাছে নির্যাতনের একটি ভিডিও বার্তা পাঠায় এবং হাসিবের ব্যবহৃত মোবাইল ফোন থেকে পরিবারের কাছে মুক্তিপণের ৩ লাখ টাকা চেয়ে বারবার কল দেয়।
এ ঘটনায় হাসিবের বাবা শফিকুল ইসলাম পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে অভিযান চালিয়ে সাত জনকে আটক করে পুলিশ।
আটক আবদুল্লাহ আল নোমানের নাম বললেও তদন্তের স্বার্থে বাকিদের নাম বলেনি পুলিশ।
নোমান পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের বাসিন্দা।
পাথরঘাটা থানার এসআই আলী হোসেন বলেন, “অপহরণের পর থেকেই আমাদের অনুসন্ধান অব্যাহত ছিল। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দেখা যায়, অপহরণকারীরা বারবার স্থান পরিবর্তন করে, ফলে তাদের ধরতে বিলম্ব হয়।”
আলী হোসেন আরও বলেন, “অপহরণকারীরা সাত জনের একটি দল ছিল। ৩ লাখ টাকার জন্য হাসিবকে অপহরণ করে প্রথমে পাথরঘাটা পৌর শহরের ঈমান আলী সড়কের একটি বাসায় নির্যাতন করে এবং ওই নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠায়। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মুক্তিপণের টাকা না পেয়ে ওই বাসায় বসেই হাসিবকে হত্যা করে ড্রামে ভরে ইজিবাইকে করে দক্ষিণ বাইনচটকি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে মাটিতে পুঁতে রাখা হয়।”
পাথরঘাটা থানার ওসি শাহ আলম হাওলাদার জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। এর সঙ্গে আরও কেউ জড়িত কিনা এবং কোনো রহস্য আছে কিনা তা জানতে অনুসন্ধান চলছে।
