নেত্রকোণায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
সন্ধ্যায় বোরো ধানের ক্ষেত থেকে খড় মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন মোস্তফা হোসেন।
নেত্রকোণার পূর্বধলায় ক্ষেত থেকে খড় মাথায় নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে এক কৃষক মারা গেছেন।
শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে হাটবারেঙ্গা গ্রামে এই বজ্রপাতের ঘটনা হয় বলে জানিয়েছেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
নিহত কৃষক হচ্ছেন- উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের হাটবারেঙ্গা গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে মোস্তফা হোসেন (৫০)।
ওসি সাইফুল জানান, শনিবার সন্ধ্যায় বোরো ধানের ক্ষেত থেকে খড় মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন মোস্তফা হোসেন। এ সময় হঠাৎ ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাতে তার শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়ি নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
