১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভাওয়াল রিসোর্টসহ সাত প্রতিষ্ঠানকে ৩ কোটি টাকা জরিমানা

পরিবেশগত ছাড়পত্র না নেওয়া পর্যন্ত সাত প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2024, 02:19 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

পরিবেশগত ছাড়পত্র ছাড়া প্রতিষ্ঠান চালানোর দায়ে গাজীপুরের ভাওয়াল রিসোর্ট, হোটেল এক্সসহ সাত প্রতিষ্ঠানকে ২ কোটি ৯২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর মধ্যে শুধু ভাওয়াল রিসোর্টকেই জরিমানা করা হয়েছে দুই কোটি ৪০ লাখ টাকা। ছাড়পত্র গ্রহণ না করা পর্যন্ত সাত প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার বিকালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো. নয়ন মিয়া বিষয়টি জানিয়েছেন।

পরিবেশ অধিদপ্তর থেকে জানা গেছে, গাজীপুরে বনের জমির দখল করে পরিবেশ ও পরিবেশত ক্ষতি সাধন করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে ভাওয়াল রিসোর্ট, হোটেল এক্স। তারা পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়াপত্রও নেয়নি। 

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং কমিটি কয়েকদিনে গাজীপুরের ওই সাত প্রতিষ্ঠান পরিদর্শন করে তাতে নানা অনিয়ম পায়। 

পরিদর্শনকালে তারা কোনো প্রতিষ্ঠানই পরিবেশের ছাড়পত্র পায়নি। 

পরে গাজীপুরে ওই সাতটি প্রতিষ্ঠানের মালিকদের গত ১৪ মে তলব করা হয়। 

সেখানে শুনানি শেষে গাজীপুর সদর উপজেলার নলজানি এলাকার ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারকে ২ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করা হয়। 

এছাড়া রাজেন্দ্রপুর এলাকায় বনের জমিতে বানানো হোটেল এক্সকে ১০ লাখ টাকা, গাজীপুর সদর উপজেলার ভবনীপুর এলাকা ইউনাইটেড শক্তি লিমিটেড নামক প্রতিষ্ঠানকে ১০ লাখ, শিরিরচালা এলাকার কোয়ালিটি ইন্টিগ্রেটেড অ্যাগ্রো লিমিটেড নামের প্রতিষ্ঠানকে ১০ লাখ, একই এলাকার মেঘনা অ্যাসোসিয়েটস লিমিটেড নামের প্রতিষ্ঠানকে ১০ লাখ, ভবানীপুর এলাকার সোয়ান নিট কম্পোজিট লিমিটেডকে ১২ লাখ, একই এলাকার হলিকেয়ার ডায়গনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো. নয়ন মিয়া জানান, জরিমানার পাশাপাশি এ আদেশ প্রাপ্তির পর থেকে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ না করা পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় অধিদপ্তরের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।