২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাচ্ছিলেন চিকিৎসা নিতে, পথে ট্রাক চাপায় প্রাণ গেল নারীর

দুর্ঘটনায় তার সঙ্গে থাকা ছেলে মমতাজ আলী সামান্য আহত হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2024, 12:24 PM

Updated : 26 Aug 2026, 11:08 AM

নওগাঁ শহরে ট্রাক চাপায় ব্যাটারিচালিত রিকশার যাত্রী এক নারী প্রাণ হারিয়েছেন।তিনি চিকিৎসা নিতে রাজশাহীতে যাওয়ার জন্য বের হয়েছিলেন। 

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী।

নিহত মোমেনা খাতুন (৬৫) নওগাঁ সদর উপজেলার সোনোলিয়া দুবলহাটি গ্রামের শমসের আলীর স্ত্রী। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা ছেলে মমতাজ আলী (৪৮) সামান্য আহত হয়েছেন। 

ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, চিকিৎসার জন্য রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে  ছেলেকে সঙ্গে নিয়ে বের হয়েছিলেন মোমেনা খাতুন। রাজশাহীর বাসে ওঠার জন্য তারা ব্যাটারিচালিত রিকশায় বালুডাঙা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন।

সকাল সাড়ে ৬টার দিকে দয়ালের মোড় এলাকায় পেছন থেকে একটি ট্রাক ওই রিকশাটিকে ধাক্কা ও চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মোমেনা খাতুন।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়ার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।