১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

টেকনাফে অপহৃত বনকর্মীসহ ১৮ জন ‍উদ্ধার, আটক ২

একদিন আগে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া পাহাড়ে গাছের চারা রোপণ করতে গিয়ে তারা অপহৃত হন।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2024, 10:18 PM

Updated : 26 Aug 2026, 11:15 AM

কক্সবাজারের টেকনাফ উপজেলার পাহাড় থেকে অপহৃত বনকর্মীসহ ১৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদার পশ্চিমের গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয় বলে র‌্যাব-১৫ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান।

তিনি বলেন, স্থানীয় জনতা, বনবিভাগের সহায়তায় পুলিশ, র‌্যাব, এপিবিএন সদস্যরা তাদের উদ্ধার করেছে। অপহরণে জড়িত চক্রটিকে শনাক্ত করা হয়েছে।

বনবিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ জানান, সোমবার সকালে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া পাহাড়ে বনবিভাগের জমিতে গাছের চারা রোপণ করতে গিয়ে বনকর্মীসহ ১৮ জন অপহরণের শিকার হন। রাতে অপহৃতদের পরিবারকে ফোন দিয়ে ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মঙ্গলবার বিকালে তাদের উদ্ধার করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, উদ্ধার হওয়াদের পাহাড় থেকে বের করা হচ্ছে। তাদের থানায় আনা হলে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।

তবে সোমবার গভীর রাত এবং মঙ্গলবার ভোরে অপহৃত অপর নয়জনকে এখনও উদ্ধার করা যায়নি।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৫৩ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে ৯৪ জন স্থানীয় বাসিন্দা, ৫৯ জন রোহিঙ্গা নাগরিক। অনেকেই মুক্তিপণ দিয়ে ফিরে এসেছে বলে পরিবার দাবি করেছে।

টেকনাফ থানার তথ্যমতে, ২০২৪ সালের ১৮ অগাস্ট থেকে ডিসেম্বর এই পর্যন্ত টেকনাফ থানায় অপহরণের মামলা হয়েছে ১৪টি। এসব মামলায় আসামির সংখ্যা অন্তত ৬৫। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩০ জনকে।

আরো পড়ুন:

টেকনাফে আরও ৮ জনকে অপহরণ, ২ দিনে অপহৃত ২৭

টেকনাফে অপহৃত প্রত্যেকের স্বজনদের কাছে '১ লাখ টাকা করে মুক্তিপণ দাবি'.

টেকনাফে পাহাড় থেকে বনকর্মীসহ ১৯ শ্রমিক 'অপহৃত