১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১২ সপ্তাহের মজুরির দাবিতে চা শ্রমিকদের মশাল মিছিল

পাঁচ দফা দাবি নিয়ে সোমবার সন্ধ্যায় সিলেটে এই মিছিল করে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2024, 11:29 PM

Updated : 26 Aug 2026, 10:59 AM

রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির অধীন বাগানে টানা ১২ সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে সিলেটে মশাল মিছিল করেছেন চা শ্রমিকরা।  

পাঁচ দফা দাবি নিয়ে সোমবার সন্ধ্যায় সিলেটে এই মিছিল করে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ। 

লাক্কাতুরা চা বাগান এলাকার রেস্ট ক্যাম্প বাজার থেকে মশাল মিছিলটি শুরু হয়ে এয়ারপোর্ট রোডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেস্ট ক্যাম্প বাজারে এসে সমাবেশ করে। 

ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) অধীন চা বাগানের শ্রমিকদের বেতন তিন মাস ধরে বন্ধ রয়েছে। বকেয়া বেতনের দাবিতে এনটিসি মালিকানাধীন সিলেটের লাক্কাতুরা, দলদলি ও কেওয়াছড়া চা বাগানে শ্রমিকরা সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করলেও কোনো সুফল পানিনি। এনটিসির আওতাধীন সিলেট বিভাগের ১২টি চা বাগানেই বেতন বকেয়া পড়েছে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের তথ্য অনুযায়ী, সারাদেশে ন্যাশনাল টি কোম্পানির ফাঁড়ি বাগানসহ ১৬টি চা বাগান রয়েছে। এসব বাগানে প্রায় ১৭ হাজার শ্রমিক কাজ করেন। তাদের উপর নির্ভর করে আরো ৩০ হাজার মানুষের ভরণপোষণ। ন্যাশনাল টি কোম্পানির আওতাধীন সিলেট বিভাগের আওতাধীন সব চা বাগানেই বেতন বকেয়া পড়েছে।

চা শ্রমিক নেতা বচন কালোয়ারের সঞ্চালনায় এবং বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক অজিত রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চা বাগান শিক্ষা অধিকার পরিষদের সভাপতি অধীর বাউরী, লাক্কাতুরা চা বাগানের আমিরন গোয়ালা, যোগেশ বাগদি।

বক্তারা বলেন, ৫ অগাস্ট সরকার পতনের পর এনটিসির চেয়ারম্যান শেখ কবির হোসেনসহ সাত পরিচালক দায়িত্ব থেকে সরে দাঁড়ান। সরকারি ক্ষমতা ব্যবহার করে শেখ কবির হোসেন প্রায় ২৩টি প্রতিষ্ঠানের প্রধান ছিলেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগ, লুটপাটের ব্যাপক অভিযোগ আছে। 

তারা বলেন, তাদের কুকর্মের ফলে আজ চা শ্রমিকরা সমস্যায় পড়েছেন। সরকার পতনের পর আটকে যায় ব্যাংক ঋণ। এতে বন্ধ হয়ে যায় শ্রমিকদের মজুরি ও রেশন। এতদিন ধরে সমস্যার কোনো সুরাহা না হওয়ায় শ্রমিক পরিবারগুলোর জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। তাই অবিলম্বে এনটিসির চা শ্রমিকদের বকেয়া মজুরি প্রদান জরুরি। 

শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- অবিলম্বে এনটিসির চা বাগানের বকেয়া মজুরি পরিশোধ করা, বন্ধ সব চা বাগান চালু করা; চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করা; চা শ্রমিক স্বার্থবিরোধী 'গেজেট-২০২২'সহ শ্রম আইনের সব বৈষম্যমূলক ধারা বাতিল করা; চা বাগানে বিভিন্ন প্রজেক্ট চালুর পাঁয়তারা বন্ধ করে ভূমি অধিকার নিশ্চিত করা; অবিলম্বে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দেওয়া। 

আরও পড়ুন

না খেয়ে কত অপেক্ষা করা যায়চা শ্রমিক ঋষি

আড়াই মাস বেতন নেই চা শ্রমিকদেরকবে হবে কেউ জানেন না

৭ সপ্তাহ বেতন নাইকেউ শোনেও নাভাবেও নাক্ষোভ চা শ্রমিকের

মজুরি না পেয়ে ন্যাশনাল টির শ্রমিকদের দিন কাটছে 'খেয়ে না খেয়ে'

ন্যাশনাল টি শ্রমিকদের বিক্ষোভ: 'লবণ ছাড়া ভাত খেয়ে বেঁচে আছি'