পিরোজপুরে টিসিবির ১৪০০ টন মসুর ডাল নিয়ে জাহাজ অর্ধনিমজ্জিত
ঝালকাঠির গাবখান নদীতে এলে রূপসা-১ নামের জাহাজের সঙ্গে সংঘর্ষ হয় এম.ভি. স্কাই জাহাজের।
পিরোজপুরে দুই জাহাজের সংঘর্ষে তলা ফেটে অর্ধনিমজ্জিত অবস্থায় জরুরি নোঙর করেছে টিসিবির ১ হাজার ৪০০ টন মসুর ডাল বোঝাই একটি জাহাজ।
বৃহস্পতিবার সকালে কাউখালীর সন্ধ্যা নদীতে নোঙর করা এম.ভি. স্কাই নামের জাহাজটির মাস্টার মো. হান্নান জানান, চট্টগ্রাম থেকে টিসিবির মসুর ডাল নিয়ে এমভি স্কাই যশোরের নোয়াপাড়া যাচ্ছিল। পথে বরিশাল থেকে ছেড়ে ঝালকাঠির গাবখান নদীতে এলে রাত ১২টার দিকে রূপসা-১ নামের জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়।
তিনি জানান, কিছুদূর আসার পরে বুঝতে পারেন যে তাদের জাহাজের তলা ফেটে গেছে। পরে অর্ধনিমজ্জিত অবস্থায় জাহাজটি পিরোজপুরের কাউখালী সন্ধ্যা নদীর লঞ্চ ঘাট এলাকায় অন্য একটি জাহাজের সঙ্গে এসে নোঙর করেন।
দুর্ঘটনার সংবাদ পেয়ে কাউখালী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালাতে গেলেও জাহাজ কর্তৃপক্ষ তাতে সম্মতি দেয়নি।
পরে পিরোজপুরের জেলা প্রশাসন চট্টগ্রামে জাহাজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। তারা জানান, অন্য একটি মালবাহী জাহাজ ঘটনাস্থলে গিয়ে ডাল উদ্ধার করবে।
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, ঘটনাটি শোনার পরপরই তিনি গিয়ে ক্ষতিগ্রস্ত জাহাজটি পরির্দশন করেছেন। তিনি জাহাজ কর্তৃপক্ষ এবং মালামালের মালিক দুই পক্ষের সাথে কথা বলেছেন।
এছাড়া বিআইডব্লিউটিসির উদ্ধারকারী জাহাজকে খবর দেওয়া হয়েছে। সব মালামাল নিরাপত্তার সঙ্গে এবং দ্রুত খালাস করে জাহাজটি যেনো ডুবে না যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানান জেলা প্রশাসক।
এদিকে এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আমীনুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।
