নীলফামারীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, ইয়াবা জব্দ
রোববার লিটনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ৩০ ইয়াবাসহ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার কিশোরগঞ্জ থানার পরিদর্শক রাজীব কুমার রায় জানান, শনিবার রাত ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লিটন আমীন (২৬) ওই উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর চামশাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি নিতাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
পরিদর্শক রাজীব কুমার রায় বলেন, খবর পেয়ে রাতে ওই এলাকায় অভিযানে নামে পুলিশ। এ সময় লিটন আমীনের মোটরসাইকেল আটক করে তল্লাশি করা হয়।
“তল্লাশি এক পর্যায়ে বাইকের সিটের নিচে বিশেষ ভাবে রাখা ৩০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এরপর লিটনকে গ্রেপ্তার করে পুলিশ।”
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মামলা করা হয়; এরপর রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইনুল আরেফিন সপুর বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার এবং জিরো টলারেন্স ঘোষণা করেছি। রোববার সকালের লোক মুখে শুনেছি নিতাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটন আমীন গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “জেলা ছাত্রলীগের সঙ্গে কথা হয়েছে। তাদের নির্দেশে লিটনকে ওই পদ থেকে অব্যাহতি প্রদান ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
