২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের স্টোরকিপার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

“সিভিল সার্জন অফিসে চাকরি করার সময় দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার টাকার সম্পদ অর্জন করেন তিনি।”

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2023, 10:48 PM

Updated : 11 Jul 2023, 10:48 PM

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাতক্ষীরার সিভিল সার্জন কার্যালয়ের সাময়িক বরখাস্ত এক স্টোরকিপার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক।

মঙ্গলবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমীন বাদী হয়ে এ মামলা করেন।

মামলার দুই আসামি হলেন- সাতক্ষীরার সিভিল সার্জন কার্যালয়ের সাময়িক বরখাস্ত স্টোরকিপার এ কে এম ফজলুল হক এবং তার স্ত্রী মোছা. খায়রুন নেছা। ফজলুল হকের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইছাকুড় গ্রামে।

দুদকের সহকারী পরিচালক আল আমীন বলেন, “দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৫১ লাখ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন ফজলুল হক। সিভিল সার্জন অফিসে চাকরি করার সময় দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার টাকার সম্পদ অর্জন করেন তিনি। তার স্ত্রী খায়রুন নেছা স্বামীর অবৈধ আয় দ্বারা অর্জিত সম্পদ নিজ নামে গ্রহণ করে অপরাধে সহায়তা করেছেন।”

ফজলুল হকের স্ত্রী খায়রুন নেছা গৃহিণী হলেও সম্পদ বিবরণীতে নিজেকে মাছচাষী ও পশুখাদ্যের ব্যবসায়ী হিসেবে দাবি করেছেন বলে জানান দুদকের এই কর্মকর্তা। কিন্তু এ দাবির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করতে পারেননি তিনি।

আল আমীন বলেন, “খায়রুন নেছার নামে থাকা চারতলা বাড়িটির মূল্য তারা সম্পদ বিবরণীতে ৬৩ লাখ টাকা উল্লেখ করেন। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে বাড়িটির প্রকৃত মূল্য ৯৮ লাখ ২৯ হাজার টাকা।”

২০১২ সালে সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে নিজের নামে ফজলুল হক জেলা শহরের পলাশপোল মৌজায় সেমিপাকা তিন কক্ষবিশিষ্ট একটি বাড়ি কিনেছিলেন। যার রেজিস্ট্রি খরচসহ দলিল মূল্য ১২ লাখ ৮৪ হাজার টাকা। কিন্তু তিনি সম্পদ বিবরণীতে এর মূল্য ১২ লাখ টাকা দেখিয়েছেন বলে জানান দুদকের সহকারী পরিচালক।

এ ছাড়া ফজলুল নিজের এবং সন্তানদের নামে থাকা ১৪ লাখ ৯৪ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলেও জানান তিনি।

জ্ঞাত আয় বহির্ভূত এসব সম্পদ অর্জন এবং তথ্য গোপনের কারণে ফজলুল হকের বিরুদ্ধে দুদক এই মামলা করেছে বলে জানান সহকারী পরিচালক আল আমীন।

এর আগে ২০১৭ সালের মে মাসে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য কেনা সাত কোটি টাকার চিকিৎসাসামগ্রী আত্মসাতের অভিযোগে ফজলুল হককে গ্রেপ্তার করেছিল দুদক।

ওই বছরই হাসপাতালের যন্ত্রপাতি কেনার নামে ১৬ কোটি ৬১ লাখ টাকা লোপাটের অভিযোগের এক মামলায় সাতক্ষীরার সেসময়কার সিভিল সার্জন তৌহিদুর রহমানসহ নয়জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সেই মামলাতেও আসামি ছিলেন ফজলুল হক।

এই মামলার নয় আসামি যেন দেশত্যাগ করতে না পারেন সেজন্য ২০২১ সালের ২৩ জুন এক আদেশ দেন সাতক্ষীরার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমান।