২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষের পর আগুন: সেই বাসের লকারে পুড়ল অর্ধশতাধিক ছাগল

সাভারে বাসের সঙ্গে সংঘর্ষের পর অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2025, 07:32 PM

Updated : 10 Sep 2026, 12:29 PM

ঢাকার সাভার উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষের পর অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে একটি বাসের লকারে থাকা অর্ধশতাধিক ছাগল পুড়ে মারা গেছে। এ ছাড়া দগ্ধ হয়ে অ্যাম্বুলেন্সের চারযাত্রী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকালে পুড়ে যাওয়া বাসের লকার থেকে মারা যাওয়া ছাগলগুলো বের করতে দেখা গেছে। 

বুধবার রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার রাজফুলবাড়িয়া পুলিশ টাউন এলাকায় ঢাকামুখী সড়কে এ ঘটনা ঘটে বলে জানান সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেরুল ইসলাম।

অগ্নিকাণ্ডে অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের চারজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও ১৫ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পুড়ে যাওয়া একটি বাসের লকারের ভেতর থেকে ৮৫টি মৃত ছাগল বের করা হয়েছে।

ফায়ার সার্ভিসের মেহেরুল ইসলাম বলেন, পেছন থেকে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে বাসে আগুন ধরে যায়। এ সময় ওই বাসের পেছনে থাকা আরও একটি বাস অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে আগুনে দগ্ধ চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া সকালে একটি বাসের লকার থেকে অর্ধশতাধিক মৃত ছাগল বের করা হয়েছে।

সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, ময়নাতদন্তের জন্য চারজনের মৃতদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ছাড়া একটি বাসের লকার থেকে বেশকিছু মৃত ছাগল পাওয়া গেছে; যেগুলো আগুনের তাপে ঝলসে মারা গেছে বলে জানান তিনি। 

সাভারে অ্যাম্বুলেন্স ও দুই বাসের সংঘর্ষের পর আগুন, নিহত ৪