মেহেরপুরে আবাসিক হোটেলে মিলল গলাকাটা মরদেহ
হোটেলের কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
মেহেরপুর সদরে আবাসিক হোটেল থেকে এক ইজিবাইক চালকের হাত-পা বাঁধা অবস্থায় গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের এজাজ প্লাজা আবাসিক হোটেলের এক কক্ষে মরদেহটি পাওয়া যায় বলে জানান মেহেরপুরের গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইফুল ইসলাম।
নিহত আব্দুর রহমান (৩৮) সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুর রহিমের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি সাইফুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার আব্দুর রহমান ইজিবাইজ নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি।রোববার দুপুরের ওই হোটেলের একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে থাকে।
তিনি বলেন, দুর্গন্ধের বিষয়টি হোটেল কর্তৃপক্ষ সদর থানা পুলিশকে জানায়।তারপর পুলিশ এসে হাত-পা বাঁধা অবস্থায় গলাকাটা অর্ধগলিত ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করে।
মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় হোটেল মালিক ঝন্টু মিয়াকে পুলিশ হেফাজতে নিয়েছে।
কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল মাঠে নেমেছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।
