২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা আন্দোলন: চট্টগ্রামে নিহত শান্তর দাফন বরিশালে

শান্ত চট্টগ্রামের ওমরগনি এমইএস কলেজের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

কোটা আন্দোলন: চট্টগ্রামে নিহত শান্তর দাফন বরিশালে
চট্টগ্রামে নিহত ফয়সাল আহমদ শান্তর জানাজা বরিশালের বাবুগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2024, 09:20 PM

Updated : 26 Aug 2026, 10:02 AM

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে চট্টগ্রামে আন্দোলনে যোগ দিয়ে সংঘর্ষে নিহত ফয়সাল আহমদ শান্তকে বরিশালের বাবুগঞ্জে দাফন করা হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলার মানিককাঠি গ্রামের জোহরবাদ মানিককাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার জানাজা হয়। পরে নানাবাড়ি হাওলাদার বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

মঙ্গলবার বিকালে বন্দরনগরীর ষোলশহর এলাকায় সংঘর্ষে নিহত ২০ বছর বয়সী শান্ত বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠি গ্রামের বাসিন্দা মো. জাকির হোসেনের ছেলে। তিনি চট্টগ্রামের ওমরগনি এমইএস কলেজের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিলন বলেন, শান্তর আদি গ্রামের বাড়ি বাবুগঞ্জের মহিষাদী গ্রামে। কিন্তু তার পরিবার মানিককাঠিতেই বসবাস করত। তার বাবা-মা চট্টগ্রামে বসবাস করেন। 

শান্তর ফুফাতো ভাই মো. জুয়েল বলেন, শান্তর এক বোন রয়েছে। তার বাবা জাহাজের পুরনো আসবাবপত্রের ব্যবসা করেন। তার বাবা গ্রামের বাড়িতে ছিলেন। বেলা ১২টার দিকে তার মা লাশ নিয়ে আসেন। ২টার দিকে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

আরও পড়ুন:

চট্টগ্রামে আন্দোলনে প্রাণহানি: শান্তর মা হাসপাতালে এলেও বলেননি কথা