ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তরুণের মৃত্যু
কাজী রোহান নামের ওই তরুণ বন্ধুকে নিয়ে বেড়াতে বের হয়েছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণের প্রাণ গেছে।
সোমবার সন্ধ্যায় জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার শেখ হাসিনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজী রোহান (১৮) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের কাজী আতিকের ছেলে।
এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তারা হলেন, হৃদয় (১৮), সাইফ (১৯) নাদিম (২১) ও রিজু (২১)।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসাইন জানান, রোহান তার বন্ধুকে নিয়ে সন্ধ্যার দিকে শহরের শিমরাইলকান্দি এলাকার শেখ হাসিনা সড়কে বেড়াতে যান। তখন বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের বাইকের সংঘর্ষ হয়।
তাতে দুই মোটরসাইকেলের পাঁচজন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখান থেকে রোহানকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
