শেরপুরে চুরি করতে গিয়ে বৃদ্ধাকে হত্যা: ৩ জনের ফাঁসি, একজনের যাবজ্জীবন
বাসায় চুরি করতে ঢুকলে তাদের চিনে ফেলায় ফরিদাকে হত্যা করেন তারা।
শেরপুর সদরে চুরি করতে গিয়ে এক বৃদ্ধাকে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের ভারপ্রাপ্ত কৌঁসুলি (পিপি) নরেশ চন্দ্র দে জানান।
মৃত্যুদণ্ড পাওয়ারা হলেন- সদর উপজেলার গৌরীপুর মহল্লার যোগেন বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস, মোফাজ্জল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম ও রফিক মিয়ার ছেলে শামীম মিয়া। আর যাবজ্জীবন দণ্ড পাওয়া আলাল উদ্দিন একই এলাকার আব্দুস ছালামের ছেলে।
আইনজীবী নরেশ জানান, ২০১৯ সালের ২১ অগাস্ট রাতে গৌরীপুর এলাকার প্রয়াত আব্দুস সালামের স্ত্রী ফরিদা বেগমের বাসায় চুরি করতে ঢোকেন লিটন, জাহাঙ্গীর, শামীম ও আলাল। সে সময় তাদের চিনে ফেলায় ফরিদাকে হত্যা করেন তারা।
এ ঘটনায় ফরিদার ছেলে সুমন মিয়া বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে সদর থানায় মামলা করেন।
পিপি আরও জানান, তদন্তের এক পর্যায়ে জাহাঙ্গীর ও লিটনকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তাররা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তাদের জবানবন্দি অনুযায়ী শামীম ও আলালকে গ্রেপ্তার করে পুলিশ।
তদন্ত শেষে পিবিআইয়ের পরিদর্শক হারুন-অর-রশীদ ২০২১ সালের ১৯ জানুয়ারি চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান তিনি।
সাক্ষ্যগ্রহণ শেষে তিনজনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা এবং একজনকে যাবজ্জীবনের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও তিন মাস কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]
