২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বাসে আগুন, অটোরিকশা ভাঙচুর, আহত ১

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ও ফেনীর সন্তান রফিকুল আলম মজনুসহ নেতাকর্মীদের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে জেলায় হরতাল ডাকা হয়েছে।

ফেনীতে বাসে আগুন, অটোরিকশা ভাঙচুর, আহত ১

ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের ফেনী শহরের শহীদ মেজর সালাউদ্দিন মোড় এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 04:14 PM

Updated : 12 Dec 2023, 04:14 PM

ফেনীতে কেন্দ্রীয়ভাবে ডাকা অবরোধ কর্মসূচির মধ্যে আলাদাভাবে হরতাল পালন করছে জেলা বিএনপি। সেই অবরোধ-হরতালের আগের রাতে অগ্নিসংযোগ করা হয়েছে বাসে। ভাঙচুর করা হয়েছে তিন-চারটি অটোরিকশা। 

এছাড়া মঙ্গলবার সকালে হরতাল-অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। 

বিভিন্ন স্থানে এসব নাশকতার খবর পেয়ে পুলিশ অভিযান চালালেও তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী। 

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, “সরকার পতন ও নিরপেক্ষ নির্বাচনের একদফা দাবি আদায়ে বিএনপি ও সমমনা দলগুলোর ১১ দফায় টানা ৩৬ ঘন্টার দেশব্যাপী অবরোধের মধ্যে মঙ্গলবার ফেনীতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।” 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ও ফেনী সন্তান রফিকুল আলম মজনুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘আওয়ামী মদদপুষ্ট আদালত কর্তৃক ফরমায়েশী' রায়ের প্রতিবাদে ফেনীতে এই হরতাল চলছে বলে জানান তিনি। 

এই হরতালের আগের রাতে আগুনে পুড়ে যাওয়া গ্রিন টাউন সার্ভিসের বাস চালক রুবেল বলেন, “প্রতিদিনের মতো রাতে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের ফেনী শহরের শহীদ মেজর সালাউদ্দিন মোড় এলাকার মুক্তার বাড়ির সামনে বাসটি পার্কিং করে বাড়ি চলে যাই। 

“রাতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে শুনে এসে দেখি আমার গাড়িতে আগুন জ্বলছে।” 

Image

হরতাল-অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ছাগলনাইয়া উপজেলা ও পৌর ছাত্রদল।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে বাসের ভেতরের অংশ পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।” 

এদিকে সোমবার রাত ১০টার দিকে শহরের দাউদপুর কাঁচা বাজার এলাকায় দুর্বৃত্তরা তিন-চারটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। এ সময় একটি অটোরিকশায় অকটেন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করলে পুলিশের ধাওয়ায় পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

স্থানীয় অটোরিকশা চালক মিয়া খান জানান, রাতে ঢাকা-চট্টগ্রাম পুরাতণ মহাসড়কের ফেনী দাউদপুর এলাকায় হঠাৎ ৪-৫জন যুবক অটোরিকশা থামিয়ে এলোপাথাড়ি ভাঙচুর শুরু করে। 

“আমার অটোরিকশার গ্লাস ভেঙ্গে পেছনের হুড ছুরি দিয়ে কেটে দেয়। এ সময় বাঁধা দিতে গেলে তারা অকটেন ছুড়ে মারে। ভয়ে আমি দূরে সরে যাই। তাদের ছোঁড়া অকটেন আমার চোখে পড়ায় সামান্য আহত হয়েছি। এ সময় পুলিশ দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। “ 

অপরদিকে হরতাল-অবরোধের সমর্থনে সোমবার রাতে শহরের বিভিন্ন স্থানে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ অন্তত পৃথক চারটি মশাল মিছিল করেছে বলে জানিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারি। 

মঙ্গলবার সকালে হরতাল-অবরোধ সমর্থনে ছাগলনাইয়া উপজেলা ও পৌর ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে বলেও জানান তিনি। 

ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, বাসে আগুন ও অটোরিকশা ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে তাৎক্ষণিক কাউকে আটক করা যায়নি। বাসে আগুনের ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। 

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান জানান, হরতাল-অবরোধে সড়ক-মহাসড়কে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‍্যাব সদস্যরা টহলে রয়েছে।