২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে বাধার পর পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ, আহত ১০

ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ অন্তত দশজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।"

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2024, 05:33 PM

Updated : 01 Jan 2024, 06:40 PM

হবিগঞ্জে পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শহরের শায়েস্তানগর পইল রোড এলাকায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জেলা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম সেতু জানান।

সেতু বলেন, “ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নেতাকর্মীরা র‌্যালি বের করেন। এ সময় পুলিশ তাদের বাধা দিলে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায় এবং ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।”

এ ঘটনায় তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন; তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানান এ যুবদল নেতা।

তবে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ অন্তত দশজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

তারা বলছেন, এ সময় হবিগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবু জাহিরের একটি নির্বাচনি অফিস ভাঙচুর করে ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়া পুলিশের একটি পিকআপভ্যানও ভাঙচুর করে তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মিছিলে বাধা দেওয়ার কারণ জানতে চাইলে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে জনগণের যানমালের নিরাপত্তা বিঘ্নিত করছিল। তাই তাদের মিছিলে বাধা দেওয়া হয়। পরে তাদের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্য মো. হাসনাত ও মিজানুর রহমানকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

পুলিশ সুপার বলেন, ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বলেন, শায়েস্তানগর পইল রোড এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় ছাত্রদলের নেতাকর্মীরা হবিগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবু জাহিরের নির্বাচনি অফিস ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে বিকালে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা সেতু বলেন, “এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।”