আলফাডাঙ্গা পৌরসভা ও ২ ইউপিতে নৌকার ভরাডুবি
আলফাডাঙ্গা পৌরসভা ও তিনটি ইউনিয়নে মোট ৩৬টি কেন্দ্রের ১৬৮টি বুথে ৫১ হাজার ৫১৯ জন ভোটার ভোট দেন।
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা ও উপজেলার দুই ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পরাজয় হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বিরামহীনভাবে এ ভোটগ্রহণ হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, আলফাডাঙ্গা পৌরসভায় মেয়র পদে নৌকা প্রার্থী সাইফুর রহমান সাইফার পরাজিত হয়েছেন। বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আলী আকসাদ ঝন্টু (নারিকেল গাছ প্রতীক)।
এ ছাড়া তিন ইউপির মধ্যে গোপালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী খান সাইফুল ইসলাম (চশমা প্রতীক), বুড়াইচ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওহাব পান্নু (আনারস) জয়ী হয়েছেন। আলফাডাঙ্গা সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহরাব হোসেন বুলবুল (নৌকা) বিজয়ী হয়েছেন।
আলফাডাঙ্গা পৌরসভায় মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
অন্যদিকে, তিনটি (আলফাডাঙ্গা সদর, গোপালপুর ও বুড়াইচ) ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৫ জন এবং সাধারণ সদস্য পদে ৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
আলফাডাঙ্গা পৌরসভা ও তিনটি ইউনিয়নে মোট ৩৬টি কেন্দ্রের ১৬৮টি বুথে ৫১ হাজার ৫১৯ জন ভোটার ভোট দেন।
