নড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হাতুড়িপেটায় হত্যা
নড়িয়া পৌরসভার গালর্স স্কুলের সামনে একদল লোক পিছন থেকে হাতুড়ি ও লোহার রড় দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
‘রাজনৈতিক বিরোধের জেরে’ শরীয়তপুরের নড়িয়ায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার রাত ৮টার দিকে নড়িয়া পৌরসভার পূর্বমাথায় গালর্স স্কুলের কাছে এই ঘটনা ঘটে।
নিহত মামুন খান (৩২) নড়িয়া পৌরসভার বাড়ইপাড়া গ্রামের আবদুল ছালাম খানের ছেলে। মামুন নড়িয়া পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ছিলেন।
নিহতের মামা নড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আনোয়ার হোসেন মল্লিক জানান, তার ভাগিনা মামুন খানের সঙ্গে নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের এক নেতার বিরোধ চলে আসছে।
“ওই ঘটনার জের ধরে বুধবার রাতে নড়িয়া পৌরসভার গালর্স স্কুলের সামনে একদল লোক পিছন থেকে হাতুড়ি ও লোহার রড় দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে মারাত্মক জখম করে।”
খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়িয়া থানার ওসি মাহবুব আলম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
