২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে; যা অনাদায়ে তাকে আরও ছয় মাস সশ্রম কারাবাসে থাকতে হবে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2022, 06:14 PM

Updated : 07 Nov 2022, 06:30 PM

জয়পুরহাটে নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে; যা অনাদায়ে তাকে আরও ছয় মাস সশ্রম কারাবাসে থাকতে হবে।

সোমবার জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. গোলাম সারোয়ার এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান।

দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান (২৪) জেলার কালাই উপজেলা চরবারই-ইটাতলা গ্রামের প্রয়াত কলিমদ্দিনের ছেলে।

পলাতক থাকায় আত্মসমপর্ণ অথবা গ্রেপ্তারের দিন থেকে আসামির সাজা কার্যকর হবে বলে জানান পিপি নৃপেন্দ্রনাথ।

মামলার নথি থেকে জানা যায়, ঘটনার ১৪ মাস আগে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের তোজাম্মেল হকের মেয়ে জেসমিনের সঙ্গে মিজানুর রহমানের বিয়ে হয়।

নয় মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় ২০০৯ সালের ২৭ অক্টোবর তোজাম্মেল জানতে পারেন তার মেয়ে মারা গেছেন।

মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে তার (জেসমিন) রক্তাক্ত মরদেহ দেখতে পান বাবা। তবে মিজানুরকে বাড়িতে পাওয়া যায়নি।

এ ঘটনায় ওই দিনই নিহতের বাবা বাদী হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা করেন। ওই থানার তৎকালীন এসআই আকতার হোসেন ২০১১ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেন।

আদালতের রায়ে সন্তুষ্টি জানিয়েছেন পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল।

আসামি পক্ষের আইনজীবী মোজাহিদুল ইসলাম রাজু বলেন, “এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।”