মাগুরায় জাহিদ হত্যা: এক সপ্তাহেও কোনো গ্রেপ্তার নেই
গত ৪ ফেব্রুয়ারি শ্রীরামপুর গ্রামে কুপিয়ে ও পায়ের রগ কেটে জাহিদ জোয়ার্দারকে হত্যা করে একদল হামলাকারী।
মাগুরা সদরে স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহিদ জোয়ার্দার হত্যার এক সপ্তাহ পার হলেও মামলার কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
এ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সোমবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন শ্রীরামপুর গ্রামের মানুষ।
গত ৪ ফেব্রুয়ারি শ্রীরামপুর গ্রামে কুপিয়ে ও পায়ের রগ কেটে জাহিদ জোয়ার্দারকে হত্যা করে একদল হামলাকারী।
এ ঘটনায় নিহতের ছোট ভাই সাইদ জোয়াদ্দার বাদী হয়ে পরদিন তাহাজ্জত মেম্বরকে প্রধান আসামি করে মাগুরা সদর থানায় ২৫ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত জাহিদ জোয়ার্দার সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলেন।
শহরের চৌরঙ্গী মোড়ে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে হাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজাহারুল হক আখরোট সভাপতিত্ব করেন।
সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবু শামস, সাইদ জোয়াদ্দার, জাহানারা বেগম, রানী বেগম, হাজীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়মী লীগের সভাপতি চাঁদ বিশ্বাস, আনোয়ার হোসেন মেম্বার।
এক সপ্তাহ পার হলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে জাহিদ জোয়াদ্দারের হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
মামলার নথি থেকে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৪ ফেব্রুয়ারি বিকালে শ্রীরামপুর গ্রামে নিজ জমিতে সার দেওয়ার সময় একই গ্রামের প্রতিপক্ষ তাহাজ্জত মেম্বারের অনুসারীরা জাহিদ জোয়ার্দারকে কুপিয়ে জখম করে। এ সময় তারা তার পায়ের রগ কেটে দেয়।
আশংকাজনক অবস্থায় প্রথমে তাকে মাগুরা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই সাইদ জোয়াদ্দার বাদী হয়ে পরদিন তাহাজ্জত মেম্বারকে প্রধান আসামি করে মাগুরা সদর থানায় ২৫ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
মাগুরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
