ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গেল মা-মেয়ের প্রাণ
পুলিশ জানায়, ময়মনসিংহে টিউবওয়েলে হাতমুখ ধুতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে শ্যামল; তাকে বাঁচাতে যান মা ও বোন।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেছে মা ও মেয়ের।
বৃহস্পতিবার রাতে উপজেলার কামারগাঁও ইউনিয়নের ভেরুয়া গ্রামে এ ঘটে বলে জানিয়েছেন তারাকান্দা থানার ওসি আব্দুল আল মামুন।
নিহতরা হলেন- ওই গ্রামের দিনেশের স্ত্রী অঞ্জলী রানী (৪৬) ও তার মেয়ে লক্ষ্মী রানী (২১)। আহত ছেলের নাম শ্যামল (১৩)।
স্থানীয়দের বরাতে ওসি মামুন বলেন, রাত ৯টার দিকে বাড়ির উঠানে টিউবওয়েলে হাতমুখ ধুতে যায় শ্যামল। সেখানে টিউবওয়েল ঘেরা টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করে সে।
চিৎকার শুনে মা অঞ্জলী ছেলেকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এ সময় অঞ্জলীর বড় মেয়ে লক্ষ্মী রানী তাদের বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান। স্থানীয়রা গুরুতর আহত শ্যামলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি মামুন।
