বিয়ের গহনা নিয়ে বর-কনে পক্ষের সংঘর্ষে বৃদ্ধা নিহত
বিয়েবাড়ির ভোজন শেষে রাত সাড়ে ১০টার দিকে কনের গহনা নিয়ে দুপক্ষের বাকবিতণ্ডা সংঘর্ষের রূপ নেয়।
কুড়িগ্রামে বিয়েবাড়িতে কনের গহনা নিয়ে কথাকাটাকাটির জেরে বর ও কনেপক্ষের সংঘর্ষের মধ্যে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পুলিশ বরসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার রাতে নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের গোলের হাট গ্রামে কনের বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার নাম তহুরন নেছা (৭০)। তিনি গোলের হাট গ্রামের নূরজামাল ইসলামের মা এবং কনে জেসমিন আকতারের দাদি।
স্থানীয়দের বরাতে কচাকাটা থানার ওসি গোলাম মর্তূজা জানান, গোলের হাট গ্রামের নূরজামাল ইসলামের মেয়ে জেসমিন আকতারের (১৯) সঙ্গে পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকার আলীফ উদ্দিনের ছেলে রাইসুল ইসলাম রিপনের (২৩) বিয়ের দিন ছিল বৃহস্পতিবার। ওইদিন সন্ধ্যায় কনের বাড়িতে বরযাত্রী আসে যথারীতি। ভোজন শেষে রাত সাড়ে ১০টার দিকে কনে সাজাতে গিয়ে বরপক্ষের দেওয়া গহনা নিয়ে দুপক্ষের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে কনেপক্ষের বেশ কয়েকজন আহত হন।
“গুরুতর আহত অবস্থায় কনের দাদি তহুরন নেছাকে ভূরুঙ্গামারী হাসপাতালে নেওয়া হচ্ছিল; পথে তিনি মারা যান।”
ওসি জানান, খবর পেয়ে রাতেই কচাকাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বরসহ ১২ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে কচাকাটা থানায় একটি মামলা হয়েছে।
কনে জেসমিন আকতার বলেন, “আমার চোখের সামনে দাদিকে খাটের স্ট্যান্ড দিয়ে পিটিয়েছে বরের লোকজন। আমি এর বিচার চাই। খুনিদের ফাঁসি চাই। খুনির পরিবারে আর বিয়ে নয়।”
কনের মা রুপালী পারভীন বলেন, বরপক্ষ দুইটি সোনার গহনা দেওয়ার কথা ছিল। কনে সাজানোর সময় সেগুলো না দেওয়ায় দুই পক্ষের মাঝে ঝগড়া বাধে। পরে মারামারির ঘটনা ঘটে।
“এ সময় আমার শাশুড়িকে তারা মারধর করলে গুরতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আমার শাশুড়ি মারা যান।”
