২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ, আহত অন্তত ৮

দু’পক্ষের অনেকে আহত হয়েছেন; ক্ষতি হয়েছে প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের নামফলকের।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2023, 11:39 PM

Updated : 16 Jun 2023, 11:39 PM

ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে বাধা দেওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের অন্তত আট শিক্ষার্থী হয়েছেন।

শুক্রবার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন সিলেট- সুনামগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে বলে জানান মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ।

শিক্ষার্থীদের মধ্যে অর্থনীতি বিভাগের ওবায়দুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের শৈশব, জাহিদ, বাংলা বিভাগের ইসমাইল হোসেন, রাকিবুজ্জামান, লোক প্রশাসন বিভাগের ওমিও, আলমগীর, রফিকুল আহত হয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মিজানুর রহমান জানান।

এছাড়া ক্ষতি হয়েছে প্রধান ফটকের বিশ্ববিদ্যালয়ের নামফলক।

তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রক্টরিয়াল বডির সদস্যরা বলছেন, তাদের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে নয়জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বাকিরা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় স্থানীয়দের কতজন আহত হয়েছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মী রাকিব মিয়া বলেন, “বহিরাগত তিনজন মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে ঢুকতে চাইলে আমরা বাধা দিই; বলি যে, নিষেধ আছে। কিন্তু তারা বাধা না মেনে জোর করেই ঢুকবে বলে হুমকি দিয়ে আমাদের ওপর চড়াও হয়।”

তিনি আরও বলেন, “এ সময় কয়েকজন শিক্ষার্থী বিষয়টি দেখে বহিরাগতদের চলে যেতে বলেন। কিন্তু তারা শিক্ষার্থীদের সঙ্গেও খারাপ আচরণ করে। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এর কিছুক্ষণ পরই এলাকার লোকজন এসে শিক্ষার্থীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে।”

প্রত্যক্ষদর্শী ইমন চৌধুরী নামের এক দোকানী বলেন, “আমি দোকান খুলছি ১৫ মিনিট হবে। এরপরই দেখি সংঘর্ষ। দেখছি যে, এলাকার লোকেরা ফটকের বিপরীত পাশে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফটকের দিকে আছেন। হঠাৎ করেই দেখি উভয়পক্ষ ইট-পাটকেল ছুড়ছে। পরে দোকান বন্ধ করে দিই। এক ঘন্টারও বেশি হবে এ সংঘর্ষ চলে। এরপর এলাকা থেকে মুরব্বিরা আসেন।”

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক খলিলুর রহমান বলেন, ‘‘ভেতরে ঢুকতে চাইলে নিরাপত্তাকর্মীরা বাধা দেয়। এ জন্য তাদের গালিগালাজ ও মারধর করে মোটরসাইকেলে আসা তিন বহিরাগত। তখন ৪/৫ জন শিক্ষার্থী প্রতিবাদ করলে তাদেরও মারধর করা হয়।

“বিষয়টি মীমাংসের জন্য প্রক্টর ও স্থানীয় কয়েকজন আসেন। শিক্ষার্থীরা গেইটের ভেতরে ছিল; একটু বাইরে ছিলেন প্রক্টর স্যার। এর মধ্যেই স্থানীয় যুবলীগ নেতা দুলাল তার ছেলেদের ঢিল ছুড়তে বলেন। তাদের ছোড়া ঢিলে আমাদের ১৫/২০ জন আহত হয়েছেন। দুজনের চোখে মারাত্মক সমস্যা হয়েছে।’’

এ বিষয়ে জানতে আওয়ামী যুবলীগের নেতা দুলাল মিয়ার ফোন নম্বরে  একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

তবে সংঘর্ষের সময় সেখানে থাকা তার ভাতিজা মোস্তাক আহমদ রাজন বলেন, “গেইটে স্থানীয় ছেলেরা গেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শরীরে ‘টাচ’ করে ফেলে। পরে দেখি যে, শিক্ষার্থীরা টমটম দিয়ে অস্ত্র নিয়ে আসে। আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। শিক্ষার্থীরা স্লোগান তুলে আমাদের দিকে এগিয়ে আসে। তখন আমরা দৌড় দিতে বাধ্য হই। আমি পাড়ার সামনে চলে যাই। তারপর আমাদের পাড়ার লোকেরা এসে তাদের প্রতিহত করে।”

শিক্ষার্থীরা সবাই ছাত্রলীগের কর্মী বলে দাবি রাজনের। 

সংঘর্ষে যুবলীগ নেতা দুলাল মিয়া আহত হয়েছেন দাবি করে ভাতিজা রাজন আরও বলেন, “কয়েকটি যানবাহন, দোকান ও যুবলীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জমান চৌধুরী বলেন, “ঘটনা জানান সঙ্গে সঙ্গে আমরা আসি। এর মধ্যে উভয়পক্ষের ঢিল ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। পরে আমাদের শিক্ষার্থীদের ভেতরে নিয়ে আসি।”

এখন পরিস্থিতি স্বাভাবিক জানিয়ে তিনি বলেন, “এলাকার মুরব্বিদের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করা হবে।”

মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, “ পরিস্থিতি এখন শান্ত আছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।”

তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মহানগর পুলিশের এ কর্মকর্তা।