চাঁদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন
আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে জানান আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সাইয়েদুল ইসলাম বাবু।
দণ্ডপ্রাপ্ত নুরুল ইসলাম বেপারী (৬৫) উপজেলার একটি গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, ২০২১ সালের ১৭ অগাস্ট দুপুরে কিশোরীকে পেয়ারার লোভ দেখিয়ে ধর্ষণ করেন নুরুল। এতে সে অসুস্থ হয়ে পড়ে। তখন তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
২০ আগস্ট কিশোরীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় নুরুলের নামে মামলা করেন। ওই দিনই পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নুরুল ইসলাম ২০২১ সালের ৬ ডিসেম্বর আদালতে নুরুলের নামে অভিযোগপত্র দেন।
আইনজীবী বলেন, এ মামলায় নয়জন সাক্ষ্য দেন। আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন সেলিম আকবর।
