কুমিল্লায় বাসস্ট্যাণ্ডে পুড়ে গেছে পরিত্যক্ত ৩টি এসি বাস
ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, বাস টার্মিনালের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায় এই তিনটি বাসই রয়েল পরিবহন সংস্থার।
কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার দুপুরে হঠাৎ করে বাসগুলো থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন বলে জানান কুমিল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক মো. ইদ্রিস।
তিনি বলেন, খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কুমিল্লা নগরী থেকে আরও একটি ইউনিট যোগ দিলে সম্মিলিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দা, চালক ও হেলপাররা জানান, ‘রয়েল সার্ভিস’ পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত বাস তিনটি দীর্ঘদিন ধরে সেখানে পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল। এই বাসগুলো দীর্ঘদিন যাবত কোনো রুটে চলাচল করছে না।
তবে তাদের অভিযোগ, এসব পরিত্যক্ত বাসের ভেতরেই মাদকাসক্তরা মাদক সেবন করে।
সহকারী পরিচালক মো. ইদ্রিস বলেন, একটি বাসের গায়ে রয়েল পরিবহনের স্টিকার লাগানো থাকলেও বাকি দুটোতে নেই, কিন্তু বাস টার্মিনালের শ্রমিকদের সাথে কথা বলে জানা এই তিনটি বাসই রয়েল পরিবহন সংস্থার। বাসগুলো প্রায় দুই বছর যাবৎ পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
“আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে আগুন লাগার ঘটনার পর তথ্য সংগ্রহের জন্য রয়েল কাউন্টারে গিয়ে তাদের কাউন্টারটি তালাবদ্ধ পাওয়া যায়। তদন্তে উঠে আসবে বাসে আগুন লাগার প্রকৃত কারণ।”
কুমিল্লা জেলা বাস মিনিবাস মালিক শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক হানিফ চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের পর থেকে রয়েল কাউন্টারের লোকজনের সঙ্গে যোগাযোগ করেও মালিক পাওয়া যায়নি। আমরা জেলা বাস মালিক সমিতিকে বিষয়টি জানিয়েছি এখনো বাসের মালিকদের পক্ষ থেকেও কেউ যোগাযোগ করেনি।
তিনি আরও বলেন, বাসগুলো দীর্ঘদিন সড়কের পাশে পড়েছিল, পরে প্রায় এক বছর আগে পরিত্যক্ত বাসগুলোকে ট্রাফিকের রেকার দিয়ে এনে বাস টার্মিনাল এর ভেতরে রাখা হয়। এরপর থেকে বাসগুলো পরিত্যক্ত। কোনোটার ইঞ্জিন নেই কোনোটার চাকা নেই। ধারণা করা হচ্ছে বিড়ি সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ড হয়ে থাকতে পারে।
