২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুরে গোসলে নেমে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

ফায়ার সার্ভিস জানায়, এক পাড় থেকে অন‍্য পাড়ে সাঁতারে যাওয়ার সময় মাঝ পুকুরে গিয়ে ডুবে যান সৌরভ।

পুকুরে গোসলে নেমে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

রাজবাড়ীতে পুকুরে গোসলে নেমে নিহত কিশোরের স্বজনরা আহাজারি করছেন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2024, 05:28 PM

Updated : 05 Mar 2024, 07:49 PM

রাজবাড়ীর পাংশা উপজেলায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদের পুকুরে লাশটি পাওয়া যায় বলে পাংশা ফায়ার স্টেশন লিডার মো. মহিদুল ইসলাম জানান।

নিহত মো. সৌরভ (১৭) উপজেলা পৌর শহরের সত‍্যজিৎপুর এলাকার আফজালের ছেলে। তিনি পাংশা সরকারি জজ পাইলট উচ্চ বিদ‍্যালয় থেকে এবার নিম্ন মাধ্যমিক (এসএসসি) পরীক্ষা দিচ্ছিলেন।

স্থানীয়দের বরাতে স্টেশন লিডার মহিদুল বলেন, সৌরভসহ কয়েকজন কিশোর দুপুরে উপজেলা পরিষদের পুকুরে গোসলে নামে। এক পাড় থেকে অন‍্য পাড়ে সাঁতারে যাওয়ার সময় মাঝ পুকুরে গিয়ে ডুবে যান সৌরভ ।

তিনি বলেন, এ সময় স্থানীয় ও পুকুরে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

“খবর পেয়ে ফায়ার সার্ভিসে একটি দল আসলেও ফরিদপুর থেকে ডুবরি দল না পৌঁছানোয় উদ্ধার চালানো যায়নি। এরপর জাল টেনে পুকুর থেকে সৌরভের লাশ উদ্ধার করা হয়।”

পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।