২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা তরুণসহ আটক ৩

“আটক রোহিঙ্গা দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করেছে; ওই জাতীয় পরিচয়পত্র নিয়েই সে পাসপোর্ট করতে আসে।”

বরিশালে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা তরুণসহ আটক ৩

বরিশালে পাসপোর্ট করাতে গিয়ে আটক হয়েছেন মো. ইসমাইল নামের এক রোহিঙ্গা নাগরিক।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2023, 11:48 PM

Updated : 31 Jul 2023, 11:54 PM

বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র নিয়ে বরিশাল বিভাগীয় অফিসে পাসপোর্ট করতে গিয়ে আটক হয়েছেন এক রোহিঙ্গা তরুণ; তাকে সহায়তার অভিযোগে দুই বাংলাদেশিকেও আটক করা হয়েছে। 

সোমবার দুপুরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক আবু নোমান মো. জাকির হোসেন। 

আটক রোহিঙ্গা নাগরিকের নাম মো. ইসমাইল (১৮)। তিনি উখিয়া থানার বালুখালী এলাকার শরনার্থী শিবিরের মো. ইলিয়াসের ছেলে। 

তবে তার কাছে পাওয়া পরিচয়পত্রে বরিশালের কাজিরহাট থানার  শ্যামের হাট কসবা এলাকার ঠিকানা ব্যবহার করা হয়েছে। সেখানে মো. ইসমাইলের বদলে নাম লেখা হয়েছে মো. রাফি, বাবার নাম ছাদের আলী বেপারী। 

তাকে পাসপোর্ট তৈরির কাজে সহায়তার অভিযোগে আটক দুই বাংলাদেশি হলেন-বরিশালের কাজীরহাট থানার চরসোনাপুর এলাকার মো. শহিদুল ইসলাম (৩৭) এবং পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চান্দুয়া গ্রামের মো. হোসাইন (২৬)।

বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক আবু নোমান মো. জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটক রোহিঙ্গা দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করেছে। ওই জাতীয় পরিচয়পত্র নিয়েই সে পাসপোর্ট করতে আসে। তার আচরণে অফিসের লোকজন ও কর্তব্যরত আনসার সদস্যদের সন্দেহ হলে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় ইসমাইল মায়ানমারের নাগরিক বলে স্বীকার করে।” 

বাংলাদেশি হিসেবে যে দুজনকে আটক করা হয়েছে তাদের মধ্যে মো. হোসাইন নিজের নাম সোহেল বলে জানান; পরে তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্রে নাম হিসেবে মো. হোসাইন পাওয়া যায়। 

ফলে তাকেও রোহিঙ্গা হিসেবে ধারণা করা হচ্ছে বলে জানান আবু নোমান। তিনি বলেন, তিনজনকেই পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

রোহিঙ্গাসহ আটক তিনজনের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি মো. হেলালউদ্দিন। 

আরও পড়ুন:

পুরনো খবর:

‘ঈদ আনন্দে’ বিনানুমতিতে ক্যাম্পের বাইরে, ২০৩ রোহিঙ্গা আটক
মৌলভীবাজার সীমান্তে বিজিবির হাতে আটক ৩ রোহিঙ্গা, চারজনকে নিল বিএসএফ
কক্সবাজারে ১১ রোহিঙ্গা আটক, মিলল সাংবাদিকের পরিচয়পত্র