কক্সবাজারে ১১ রোহিঙ্গা আটক, মিলল সাংবাদিকের পরিচয়পত্র
এপিবিএন হেফাজতে জিজ্ঞাসাবাদ তারা সবাই রোহিঙ্গা নাগরিক বলে জানান।
কক্সবাজার থেকে বিমানযোগে ঢাকায় যাওয়ার পথে ১১ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।
তাদের কাছে নয়টি বিমানের টিকেট, তিন লাখের বেশি টাকা ও সাংবাদিকের পরিচয়পত্র পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় কক্সবাজার বিমানবন্দর থেকে তাদের আটক করা হয় বলে জানান ৮ এপিবিএন-এর উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসাইন।
আটকরা হলেন উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. নুর, রেজাউল করিম, মোহাম্মদ নুর, কুতুপালং ২ নম্বর ক্যাম্পের মো. আয়াজ, টেকনাফের নয়াপাড়া শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের আব্দুল হক, রবি আলম, মো. ওসমান, আবু বক্কর ছিদ্দিক, মোহাম্মদ ফয়সল ও মেয়ে রহিমা বেগম এবং উখিয়ার বালুখালী ৮-ইস্ট নম্বর ক্যাম্পের মো. আজিজ।
অতিরিক্ত পুলিশ সুপার কামরাব হোসাইন বলেন, বিমানবন্দরের কনকোর্স হলের সামনে জড়ো হওয়া কয়েকজনকে সন্দেহ হলে এপিবিএন সদস্যরা নজরে রাখেন।
“এক পর্যায়ে ওই লোকগুলোকে এপিবিএন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা সবাই রোহিঙ্গা নাগরিক বলে জানান।”
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আটকরা বিমানযোগে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল বলে জানান। পরে তাদের তল্লাশি করে ২টি ইউএস-বাংলার, ২টি নভো এয়ার ও ৫টি বাংলাদেশ বিমানের টিকেট এবং ৩ লাখ ১৮ হাজার টাকা পাওয়া যায়।
“এছাড়া আটক মো. ফয়াসালের কাছ থেকে দুইটি সাংবাদিকের ভুয়া পরিচয়পত্র ও আইএফআইসি ব্যাংকের একটি ডেবিট কার্ড উদ্ধার করা হয়।"
এপিবিএন এর উপ-অধিনায়ক বলেন, আটকদের এপিবিএন জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। তারা কী কাজে ঢাকা যাচ্ছিলেন এবং এ ঘটনায় কারা জড়িত এ ব্যাপারেও খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান কামরান হোসাইন।
