ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত
খেলার শেষদিকে একজনকে মাঠে নামানো নিয়ে দুই দলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়; যা সংঘর্ষে রূপ নেয় বলে জানায় পুলিশ।
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক যুবকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও ৪ জন।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আলামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন।
নিহত ৩০ বছর বয়সী আবু হানিফ ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাতে ওসি শামীম উদ্দিন বলেন, স্থানীয় স্কুল মাঠে ‘কৃষক একাদশ বনাম ব্যবসায়ী একাদশের’ মধ্যে খেলা চলছিল। খেলার শেষদিকে একজনকে মাঠে নামানো নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দর্শক সারিতে বসে থাকা সমর্থকরাও এতে জড়িয়ে পড়েন।
পরে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে চারজন আহত হন। তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আবু হানিফকে মৃত ঘোষণা করেন। অন্যরা সেখানে চিকিৎসা নিচ্ছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানান ওসি শামীম উদ্দিন।
