২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় সুন্দরবনে আটকে পড়া ১০ পর্যটককে ৫ ঘণ্টা পর উদ্ধার

পথ ভুলে সুন্দরবন গহীনে খালের মধ্যে চলে গেলে এক পর্যায়ে তাদের ট্রলারের তেল ফুরিয়ে যায়।

সাতক্ষীরায় সুন্দরবনে আটকে পড়া ১০ পর্যটককে ৫ ঘণ্টা পর উদ্ধার

উদ্ধার হওয়া পর্যটকরা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2023, 11:52 AM

Updated : 18 Feb 2023, 11:52 AM

পথ হারিয়ে সুন্দরবনে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করেছে সাতক্ষীরা শ্যামনগর উপজেলা প্রশাসন। 

তাদের ট্রলারের তেল ফুরিয়ে যাওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর শুক্রবার রাত ১০টায় সবাইকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন। 

মো. আক্তার হোসেন বলেন, শুক্রবার যশোর থেকে আসা ১০ জন পর্যটক ট্রলার নিয়ে সুন্দরবনে যান। তারা কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টার ভ্রমণ শেষে ফেরার পথে পথ ভুলে সুন্দরবন গহীনে খালের মধ্যে চলে যান। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে বিকালের দিকে তাদের ট্রলারের তেল ফুরিয়ে যায়।

এ সময় ঐ নৌকায় থাকা পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা অন্য নৌকায় অবস্থানকারী পর্যটকদের বিষয়টি জানান এবং প্রশাসনের কাছে সাহায্য কামনা করেন।

তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তীতে বনবিভাগের দুইটি টিম, সাংবাদিক আব্দুল হালিমসহ ট্যুরিস্ট পুলিশের দুইটি টিম, গাবুরা ডুমুরিয়া ওয়ার্ডের মেম্বরের একটি টিম, বোট মালিকের অন্য একটি টিমসহ মোট ছয়টি উদ্ধারকারী টিম সুন্দরবনের ভিতরে পাঠানো হয়। 

উদ্ধারকারী দল অনেক খোঁজাখুজির পর রাত ১০টার দিকে তাদের সবাইকে সুস্থ অবস্থায় উদ্ধার করে বলে জানান ইউএনও আক্তার হোসেন। 

তিনি আরও জানান, উদ্ধার পর্যটকরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং উদ্ধার কাজে জড়িত সাংবাদিক, ট্যুরিস্ট পুলিশ, বনবিভাগসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।