২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

অপ্রতিম হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

শিক্ষার্থীরা অপ্রতিম হত্যায় জড়িতদের বিচার-সর্বোচ্চ শাস্তির এবং নিরাপদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তোলার দাবি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 12:44 PM

Updated : 20 Sep 2026, 12:44 PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

রোববার বেলা পৌনে ১২টার দিকে মহাসড়কের কোটবাড়ি এলাকায় শিক্ষার্থীরা এ অবরোধ করেন। এ সময় মহাসড়কের দুপাশে আটকা পড়ে বিভিন্ন যানবাহন।

এ সময় শিক্ষার্থীরা অপ্রতিম হত্যায় জড়িতদের বিচার-সর্বোচ্চ শাস্তির এবং নিরাপদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তোলার দাবি করেন।

তারা ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘দড়ি লাগলে দড়ি নে, খুনিদের খবর দে কবর দেব’, ‘শিক্ষকের সন্তান মরে, প্রশাসন কি করে’, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ এসব স্লোগান দেন।

বেলা সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান করছিলেন।

এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা শেষেই শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে আসেন এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসে বিক্ষোভ শুরু করেন।

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার বিকালে কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হয় সে। এরপর আর বাসায় ফেরেনি। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে মরদেহের সঙ্গে অপ্রতিমের মায়ের আইফোনটি পাওয়া যায়নি।

তাকে হত্যায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর কথা রয়েছে পুলিশের।